আইসিটি মেলায় থাকছে নানা রকম সেমিনার ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিট ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। এই তথ্যপ্রযুক্তির নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশি উদ্ভাবন ও হার্ডওয়্যার তুলে ধরা হবে। তিন দিনের এ মেলায় প্রতিদিনই একাধিক সেমিনার থাকছে। এ মেলার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
বিসিএসের সহসভাপতি মুজিবুর রহমান জানান, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন আজ দুপুরের পরে হলেও সেমিনার শুরু হবে বেলা ১১টা থেকে। তিন দিনে ১১টি সেমিনারের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান। স্থানীয় পর্যায়ে উৎপাদনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ক্লাউড কম্পিউটিং, শিক্ষায় তথ্যপ্রযুক্তি, ই-স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স, তথ্যপ্রযুক্তি সেবা, তথ্যপ্রযুক্তিতে মানবসম্পদের উন্নয়ন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ইন্টারনেট অব থিংস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেমিনারে।
আইসিটি এক্সপোর আহ্বায়ক নজরুল ইসলাম জানান, মেলায় রাখা হয়েছে ‘ইনোভেশন জোন’। এই অংশে বাংলাদেশি প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, প্রতিষ্ঠান, প্রোগ্রামাররা তাঁদের উদ্ভাবন দেখাবেন।
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য এ মেলা উপলক্ষে কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকে।