আইসিটি মেলায় যত ছাড় ও উপহার

আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ শীর্ষক তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ও মেলা। এই মেলার অংশগ্রহণকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্রেতাদের পণ্য বিভিন্ন পণ্যে ছাড় ও উপহার দিচ্ছে।
মেলায় দুটি প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছে ইউনিক বিজনেস (ইউবিএসএল) সিস্টেমস লিমিটেড। পি১ প্যাভিলিয়নে থাকছে হিটাচি ব্র্যান্ডের পণ্য আর পি১৯ প্যাভিলিয়নে থাকছে অপটোমা ব্র্যান্ডের পণ্য। মেলা উপলক্ষে ছাড় ও উপহার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এ অফারের আওতায় হিটাচি মাল্টিমিডিয়া প্রজেক্টরের সঙ্গে বিনা মূল্যে প্রজেকশন স্ক্রিন দেওয়া হচ্ছে। আর অপটোমা হোম সিনেমা প্রজেক্টরের সঙ্গে উপহার হিসেবে থাকছে থ্রিডি গ্লাস। এ ছাড়া উভয় প্যাভিলিয়নে এমবট ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।
আইসিটি এক্সপো ২০১৫ শুরু
মেলায় ক্রেতাদের জন্য ‘বৈচিত্র্যময়-নিশ্চিত উপহার’ ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। মেলা প্রাঙ্গণের প্রবেশ পথেই কম্পিউটার সোর্স প্যাভিলিয়ন থেকে দুই হাজার টাকা মূল্যের যেকোনো ডিভাইস কিনলেই মিলবে উপহার কুপন। উপহার কুপন ‘স্ক্রাচ কার্ড’ ঘষে এসি, ৪০ ইঞ্চি পর্দার এলইডি টিভি, ফ্রিজ, স্টেইনলেস স্টিল বোল, টি-শার্ট, মাউস, পেনড্রাইভ ইত্যাদি নিশ্চিত উপহার পাবেন ক্রেতারা। এর বাইরে এমএসআই মাদারবোর্ডের সঙ্গে টি-শার্ট, গ্রাফিকস কার্ডের সঙ্গে ক্যাপ, ডি-লিংক ডিভাইসের সঙ্গে ব্যাক প্যাক, মাইক্রোল্যাব পণ্যের সঙ্গে পেনড্রাইভ ও ডায়েরি, ফুজিত্সু ল্যাপটপের সঙ্গে পাওয়ার ব্যাংক এবং ডেল ও এইচপি ল্যাপটপের সঙ্গে নিশ্চিত ও আকর্ষণীয় উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আইসিটি এক্সপো ২০১৫ মেলায় ‘অবিশ্বাস্য মেগা ছাড়’ নতুন মাত্রা যুক্ত করেছে অ্যাপল। মেলায় কম্পিউটার সোর্স (প্যাভিলিয়ন-৪) থেকে ৫ হাজার টাকায় ক্রেতারা জিতে নিতে পারবেন ১৬ জিবি আইফোন-৬। আর এই অফার গ্রহণ করতে আগে মেলা প্রাঙ্গণেই ক্রেতাদের দুই হাজার টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন করলেই নিশ্চিত নগদ মূল্য ছাড় পাবেন প্রত্যেক ক্রেতা। আর লটারির মাধ্যমে মেগা ছাড় পাবেন ৪০ ভাগ্যবান ক্রেতা।
বাংলাদেশ আইসিটি এক্সপো উপলক্ষে বিভিন্ন ব্রান্ডের পণ্যে অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজি। এইচপি ল্যাপটপ কিনলে ক্রেতারা ডাবল উপহার হিসেবে পাবেন শপিং ভাউচার, ছাতা অথবা ওয়্যারলেস মাউস। এইচপি প্রিন্টারে রয়েছে কেএফসি ভাউচার এবং সর্বোচ্চ ২৫% ডিসকাউন্ট। ডেল ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে থাকছে মাল্টিমিডিয়া স্পিকার, তোশিবা ল্যাপটপে বিশেষ মূল্যছাড়, অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটিতে ২০০ টাকা মূল্যহ্রাস, টুইনমস ট্যাবলেট পিসিতে টি-শার্ট ও ব্যাকপ্যাক, টারগাসের ল্যাপটপ ব্যাগে রয়েছে সর্বোচ্চ ৩০% ডিসকাউন্ট এবং স্যামসাং মনিটরে থাকছে আকর্ষণীয় মূল্যহ্রাস।
মেলার স্মার্টফোন ব্র্যান্ড হুয়াই চারটি মডেলের স্মার্টফোন এবং দুইটি ট্যাব নিয়ে হাজির হয়েছে। ডিভাইসগুলো হলো ওয়াইফাইভ সি (৬ হাজার ৯৯০ টাকা), জি প্লে মিনি (১৫ হাজার ৯৯০ টাকা), অনার ফোরএক্স (১৯ হাজার ৯৯০ টাকা), পিএইট (মূল্য অনির্ধারিত), ইয়ুথ টু ট্যাব (১১ হাজার ৫০০ টাকা), আট ইঞ্চি টিওয়ান ট্যাব (১৬৫০০ টাকা)।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত।