আইসিটি মেলায় ল্যাপটপের বিক্রি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসহ সব বয়সের মানুষের আগ্রহ ও অংশগ্রহণে দারুণ জমে উঠেছে রাজধানীর মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের কম্পিউটার ও প্রযুক্তি প্রদর্শনের বৃহৎ মেলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’। ১৯ ডিসেম্বর শুরু হওয়া ছয় দিনের মেলায় এখন বেশ ব্যস্ততা। বিকিকিনি আর দর্শকদের পদচারণে মুখর তৃতীয় তলা থেকে দশম তলার মেলা প্রাঙ্গণ। নিজের পছন্দের পণ্যটি কেনার সঙ্গে সঙ্গে এ সময়ের অন্য সব সেরা প্রযুক্তির সঙ্গে নিজেদের পরিচিত করে নিচ্ছেন আগত দর্শনার্থীরা। তবে ল্যাপটপ কম্পিউটারের বিক্রি তুলনামূলক বেশি বলে জানান বিক্রেতারা। এশিয়া কম্পিউটার বাজার লিমিটেডের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক ফিরোজ আলম চৌধুরী জানান, মেলায় আগতদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। এ কারণে ল্যাপটপ কম্পিউটারের বিক্রি ভালো। তবে পাশাপাশি প্রয়োজনীয় অন্য সব প্রযুক্তিপণ্যের চাহিদা আছে। মেলায় আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ জুবায়ের বলেন, ‘অনেক দিন থেকে ল্যাপটপ কিনব ভাবছিলাম। ছাড় আর র্যা ফেল ড্রয়ের খবর শুনে মেলা থেকেই কিনে ফেললাম।’ মেলায় আসা আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নতুন প্রযুক্তিগুলো দেখতে মেলায় এসেছি। তথ্যপ্রযুক্তি নিয়ে অনেক কিছু শিখতে পারলাম।’ মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের প্রাধান্য দিতে হবে। আর সবুজ প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধ করতে তরুণেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে।২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।—জিয়াউর রহমান চৌধুরী