আইসিটি মেলায় সেমিনার ঘিরে তরুণদের আগ্রহ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ জুন থেকে শুরু হয়েছে তিন দিনের আইসিটি এক্সপো ২০১৫। আজ মেলার দ্বিতীয় দিনে তরুণদের আগ্রহ বেশি ছিল বলে জানিয়েছে মেলার আয়োজকের। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলার দ্বিতীয় দিনে বিসিআইসির মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে হার্ডওয়্যার প্রযুক্তি খাতে সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে বিশেষ সেমিনার। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফের সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার।
দুপুরে হাউ টু গেট নোটিসড শীর্ষক সেমিনারটি ঘিরে তরুণ আগ্রহ দেখা গেছে। বক্তা সোলেইমান সুখনের সঞ্চালনায় মেলার মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
মঙ্গলবার বিকেলে প্রযুক্তির ভবিষ্যৎ, ক্লাউড কম্পিউটিংর ওপর সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিউলেট প্যাকার্ডের (এইচপি) এশীয় বাজারের ক্লাউড কম্পিউটিং প্রধান গুনাসাকেরা। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা অনেক কারণ বাংলাদেশ এখন বিশাল তথ্যভান্ডারের দিকে এগোচ্ছে।
এর আগে মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বেসিসের স্টুডেন্টস ফোরামের আইটি ক্যারিয়ার কনফারেন্স। দুই হাজার শিক্ষার্থীরা দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে সফলতার কথা শোনেন ও দিকনির্দেশনা পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ প্রমুখ।
আগামীকাল বুধবার মেলার সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ভবিষ্যৎ প্রযুক্তি ও শিক্ষায় প্রযুক্তি বিষয়ক দুটি সেমিনার। সেমিনারে অংশ নেবেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, অ্যাকসেস টু ইনফরমেশন কর্মকর্তা আনির চৌধুরী, বেসিসের জ্যেষ্ঠ সহ সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ।