আইসিটি শিক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জবসবিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা যেমন সহজ, তেমনি আনন্দের। তবে কাজটি করতে হবে জেনে ও বুঝে। দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সৃষ্টি হলে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি বেকারত্বও কমে যাবে অনেকাংশে। প্রয়োজন স্বল্প কিংবা দীর্ঘ মেয়াদের কারিগরি প্রশিক্ষণ, যার মাধ্যমে গড়ে উঠবে দক্ষ জনশক্তি।’ গতকাল বুধবার ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে চাকরির ওয়েবসাইট জবসবিডি ডটকমের উদ্যোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি জবসবিডি ডটকমের নতুন লোগোও উন্মোচন করেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানসহ অনেকে।
জবসবিডি ডটকম ও ড্যাফোডিল ফাউন্ডেশন ৩০০ জন প্রশিক্ষণার্থীকে দিয়েছে এই বৃত্তি। প্রশিক্ষণের বিষয়গুলো সিসিএনএ, ওয়েব ডিজাইন অ্যান ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, জাভা অ্যাপলিকেশন, জুমলা অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইন, ডেটাবেইজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, লিনাক্স, অ্যাডভান্স কম্পিউটার অ্যাপলিকেশন, গ্রাফিকস ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন এবং মোবাইল অ্যাপ নির্মাণ। তিন মাসের এ প্রশিক্ষণের ক্লাস শুরু হবে আগামীকাল ২২ আগস্ট থেকে।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগী হিসেবে রয়েছে সিটিও ফোরাম, কমজগত টেকনোলজিস লিমিটেড, ঢাকা এফএম ও ড্যাফোডিল ফাউন্ডেশন।
—মো. রাফাত জামিল