২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিল্পের উন্নয়নের বিষয়টি অবহেলিত বলে মন্তব্য করেছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পরপরই প্রাথমিক প্রতিক্রিয়ায় বেসিস এ মন্তব্য করেছে। ঢাকার বেসিস কার্যালয়ে বৃহস্পতিবার বড় পর্দায় বাজেট বক্তৃতা দেখা ও বিশ্লেষণের আয়োজন করে বেসিস এবংবাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর সংগঠনটির প্রতিক্রিয়া তুলেধরেন। প্রস্তাবিত বাজেটে ফাইবার অপটিক কেবেলর ওপর শুল্ক বাড়ানোর সমালোচনা করেছে বেসিস। সংগঠনটি মনে করে, প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর ১৫ শতাংশ শুল্ক বহাল রেখে ফাইবার অপটিক কেবেলর শুল্ক ৩ থেকে ১২ শতাংশ করা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফাহিম মাশরুর জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইসিটি শিল্পকে গুরুত্ব দিলেও বাজেটে জাতীয় আইসিটি নীতিমালার কোনো প্রতিফলন নেই।জনতা টাওয়ারকে সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণা করলেও এ বাজেটে তার উন্নয়নের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই।প্রস্তাবিত বাজেটে সফটওয়্যার ও আইসিটি খাতের কর অবকাশ সুবিধা ২০১৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সুবিধা ২০১৮ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে বেসিস। বিভিন্ন মন্ত্রণালয়ে ই-গভর্ন্যান্স কার্যক্রম বস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। যা খুবই হতাশার বলে মনে করে বেসিস। বাজেট প্রতিক্রিয়া জানানোর সময় বিআইজেএফের সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন উপস্থিত ছিলেন। —ইমাম হাসান