আইসিটি সচেতনতায় শেরপুরে হলো কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গতকাল শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। 

কর্মশালার মুখ্য আলোচক বিসিএসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আধুনিক সময়ের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার আইসিটি তথা কম্পিউটার বিজ্ঞান। এ বিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকা মানে অন্ধকার যুগে বাস করা। আগামী পাঁচ বছরের মধ্যে একজন শিক্ষার্থী যদি কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান লাভ না করতে পারে, তবে তার জীবন যাপন হবে বনে বাস করার সমতুল্য। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করেন বিসিএসের মহাসচিব নজরুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১২ কোটি ২৭ লাখ মানুষ মুঠোফোন, ছয় কোটি মানুষ কম্পিউটার এবং চার কোটি ৩৪ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রতিদিন দুই কোটি মানুষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৭০ কোটি টাকা লেনদেন করছে। আর এসবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নের জন্য।
কর্মশালায় আরও বক্তৃতা করেন বিসিএসের পরিচালক এ টি শফিক উদ্দিন আহমেদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, শেরপুর আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান গোলাম মহাজন কিবরিয়াসহ অনেকে। কর্মশালায় শেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থী-শিক্ষক অংশ নেন।