আইসিটির মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বিরূপ আচরণের কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ফলে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতির উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ভালো ভূমিকা রাখতে পারে। আইসিটির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। গতকাল সোমবার সকালে ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে আট দিনের ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’-এর উদ্বোধনকালেবন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি দেশের তথা ঢাকার পরিবেশ রক্ষার জন্য ওয়েব প্রচারণা কাজে লাগাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংসদ শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গত তিন বছরে শিক্ষাসহ বিভিন্ন খাতে আইসিটির কার্যকর প্রয়োগ করা হয়েছে। ২০১৩ সালের মধ্যে ষষ্ঠ শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে।’ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের সবার উপকারের জন্য ই-বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, বাংলাদেশ দোকানমালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, মহাসচিব এস এ কাদের, এলিফ্যান্ট রোড দোকানমালিক সমিতির প্রধান উপদেষ্টা মোস্তফা মহসীনসহ অনেকে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকানমালিক সমিতির সভাপতি তৌফিক এহসান।মেলার আহ্বায়ক জানান, আট এই মেলায় অংশ নিয়েছে এই মার্কেটের ৪৫০ থেকে ৫০০টি আইটি প্রতিষ্ঠান। মার্কেটের তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকায় আয়োজিত এ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই মেলায় দর্শকদের ভিড় বাড়তে থাকে। মেলা উপলক্ষে প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান বিশেষ মূল্যছাড় ও পুরস্কার ঘোষণা করেছে। এ ছাড়া সিটিসেল জুম আলট্রার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।ডিজিটাল আইসিটি মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে আইসিটি নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আরও থাকছে শিক্ষার্থীদের জন্য গেমিং জোন। মেলা চলাকালে প্রতি ৫ ঘণ্টা পর প্রবেশ-টিকিটের ওপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলার নানা তথ্য জানা যাবে www.digitalictfair.com এই ঠিকানায়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —মোছাব্বের হোসেন