আউটলুক স্কাইপ একসঙ্গে

বছর খানেক ধরে মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক ও ইন্টারনেটের মাধ্যমে ফোন করার সেবা স্কাইপ একসঙ্গে ব্যবহারের প্রাথমিক সংস্করণটি ব্যবহারের জন্য ছাড়া হয়েছে। মাইক্রোসফটের নিজস্ব আউটলুকের ওয়েবমেইল সেবা থেকেই ব্যবহারকারীরা এখন তাঁদের স্কাইপ অ্যাকাউন্টে থাকা মানুষের সঙ্গে ভিডিও বা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। গত বছরের এপ্রিলে আউটলুকে স্কাইপ ব্যবহারের সুবিধা নিয়ে একটি প্রিভিউ সংস্করণ বাজারে ছাড়া হয়েছিল। মাইক্রোসফটের কর্মকর্তা কারেন টং স্কাইপের এক ব্লগ বার্তায় জানিয়েছেন, সহজেই স্কাইপে থাকা বন্ধুদের সঙ্গে আউটলুকের ইনবক্স থেকে যোগাযোগ করা যাবে, যাতে তাৎক্ষণিক বার্তা অথবা ই-মেইলের পাশাপাশি এক ক্লিকেই ভিডিও কল করা সম্ভব হয়।
আউটলুক এবং স্কাইপ একসঙ্গে ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে প্রথমে তাঁর মাইক্রোসফট এবং স্কাইপ অ্যাকাউন্ট দুটি যুক্ত করতে হবে। পাশাপাশি ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, ফায়ারফক্স এবং সাফারিতে একটি ছোট প্রোগ্রাম বা প্লাগ-ইন নামিয়ে ইনস্টল করে নিতে হবে। এ জন্য www.outlook.com ঠিকানার ওয়েবসাইটে ঢুকে (লগ-ইন) করে ওপরে ডান পাশে চ্যাট বা মেসেজিং আইকনে ক্লিক করলে স্কাইপ অ্যাকাউন্ট যুক্ত করার অপশন পাওয়া যাবে। সেটি নির্বাচন করলে নতুন একটি উইন্ডো আসবে, সেখানে ব্যবহারের শর্ত ও নীতিমালায় সম্মতি দিয়ে ৫ মেগাবাইট আকারের একটি ব্রাউজার প্লাগ-ইন নামিয়ে নিতে হবে। এটি নামানো যাবে ওয়েব থেকেই (goo.gl/bUR0qY)। তারপর এই উইন্ডোতেই স্কাইপ অ্যাকাউন্টে ঢুকতে হবে। এবার প্লাগ-ইনটি ইনস্টলের পর ব্রাউজার বন্ধ করে পুনরায় চালু করুন। আউটলুকে ঢুকে ওপরের ডান পাশ থেকে বার্তা আইকনে ক্লিক করে মেসেজিং বক্সে ক্লিক করলেই দেখতে পাবেন স্কাইপ অ্যাকাউন্টে অনলাইনে থাকা বন্ধুদের তালিকা চলে এসেছে।
—মঈন চৌধুরী