আউটসোর্সিং নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনলাইন আউটসোর্সিং এখন বাংলাদেশের সম্ভাবনাময় একটি দিক। সাধারণ মানুষের পাশাপাশি অনেক শিক্ষার্থীও এই খাত থেকে এখন আয় করতে পারছে। ঠিক এ রকম সময়ই একদল অসাধু লোক এটিকে বিপথে চালিত করতে চাইছে। যে ফাঁদে পা দিয়ে এরই মধ্যে অনেকে প্রতারিত হয়েছে এবং আউটসোর্সিং নিয়ে ভুল নেতিবাচক ধারণা পাচ্ছে।’ গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসিসের সভাপতি মাহবুব জামান। অনলাইনে অর্থ উপার্জনের নানা ধরনের প্রলোভনে পড়ে অনেক তরুণ সম্প্রতি কিছু না বুঝে এক ধরনের মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। এতে তাদের অর্থ এবং সময় দুয়েরই অপচয় হচ্ছে। পে টু ক্লিক (পিটিসি) ধরনের এই প্রতারণা চলছে আউটসোর্সিংয়ের নামে। বক্তারা আরও বলেন, ‘আউটসোর্সিং পেশায় আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে, যে কারণে বাংলাদেশে এ খাতে আয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা আউটসোর্সিংয়ের নামে পিটিসি করছে, তাদের কারণে সাধারণ মানুষের মনে আউটসোর্সিং নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই সচেতনতা না বাড়লে সম্ভাবনাময় এই খাত জনপ্রিয়তা হারাতে পারে।’সম্মেলনে পিটিসির নামে প্রতারিত কয়েকজন তরুণ তাঁদের কথা জানান। পাশাপাশি জাফরিন রেজওয়ানা এবং সিফাত গাহরিয়ার নামের দুজন ফ্রিল্যান্সার তাঁদের সফলতার কথা জানান। কীভাবে এই পেশায় ভালো করা যায় বা এ পেশায় আসতে চাইলে ভালো করে বুঝে এগিয়ে আসা উচিত বলে জানান তাঁরা। সম্মেলনে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘যারা আউটসোর্সিং পেশায় আসতে চায়, তাদের সঠিক তথ্য নিয়ে আসা উচিত। দেশে বেশ কিছু ব্লগে আউটসোর্সিং নিয়ে বাংলায় সুন্দরভাবে নির্দেশনা আছে। এ ছাড়া গুগলে এই বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। সেখানে সাহায্য নিয়েও আউটসোর্সিং করতে পারে যে কেউ। প্রতারণা ঠেকাতে সবার আগে জনসচেতনতা দরকার, আর এ ক্ষেত্রে মিডিয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে।’ অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুলাই থেকে আউটসোর্সিং জনপ্রিয় করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রচারণা চালাবে বেসিস। এ ছাড়া প্রতারণা ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে তারা। অনুষ্ঠানে নানা প্রশ্নের উত্তর দেন বেসিসের যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক। —ইমাম হাসান