আউটসোর্সিংয়ে বাংলাদেশি মুক্ত পেশাজীবীদের অবস্থান ভালো
তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাজে বাংলাদেশি স্বাধীন পেশাজীবীর (ফ্রিল্যান্সার) সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের অন্যতম অনলাইন বাজার ওডেস্ক করপোরেশনের এক জরিপে অনলাইন-কর্মীদের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান রয়েছে। এ তালিকায় সাত নম্বরে আছে বাংলাদেশ। ফ্রিল্যান্স বাজারের মাধ্যমে যেকোনো ব্যক্তি নিবন্ধিত অপর কাউকে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নিতে পারেন। বর্তমানে ওডেস্কে প্রায় পাঁচ লাখ নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। অনলাইন-কর্মীদের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। এর পরই ফিলিপাইনের অবস্থান। একই জরিপে শহর হিসেবে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার আগে রয়েছে ভারতের চন্ডিগড় ও মোহালি। ঢাকার পরের দুটি স্থান হলো ফিলিপাইনের কুইজোন ও ভারতের বেঙ্গালুরু। ওডেস্ক করপোরেশন ছাড়া আরও বেশ কয়েকটি অনলাইন বাজার রয়েছে, যার পরিসংখ্যান এখানে নেই। ওডেস্ক সাইটে মুক্ত কাজের সংখ্যা বিশ্বজুড়ে অনুরূপ কাজের সংখ্যার একটি ছোট অংশ হলেও এর মাধ্যমে এই নতুন খাতটির একটি চেহারা বোঝা যায়। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর নিজেদের ব্যবসা দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই সাইটে এক লাখ এমপ্লয়ার তাদের বিভিন্ন কাজের জন্য প্রায় পাঁচ লাখ অনলাইন-কর্মীকে ব্যবহার করতে পারে। কাজের মধ্যে ডেটা এন্ট্রি থেকে শুরু করে অনুবাদ এবং জটিল কম্পিউটার প্রোগ্রামিং অন্তর্ভুক্ত। ফেব্রুয়ারি মাসে এই সাইটের কর্মীরা মোট ছয় লাখ ৩০ হাজার ৬০০ ঘণ্টা কাজ করে ১.৭ মিলিয়ন ডলার আয় করেছেন। দীর্ঘদিন ধরে আউটসোর্সিং কাজের সঙ্গে জড়িত ওয়েবক্রাফট বাংলাদেশের পরিচালক মো. জাকারিয়া চৌধুরী জানান, ওডেস্কে প্রায় দেড় হাজার বাংলাদেশি কাজ করছেন। তার মধ্যে প্রায় ১০০ জন ওডেস্ক থেকে বেশ ভালো পরিমাণে আয় করছেন। বাংলাদেশিদের মধ্যে একজন ফ্রিল্যান্সার ওডেস্কে ছয় হাজার ঘণ্টার ওপর কাজ করে গত দুই বছরে মোট ২২ হাজার ডলার আয় করেছেন। জাকারিয়া চৌধুরী আরও জানান, ওই ফ্রিল্যান্সার মূলত ডেটা এন্ট্রিভিত্তিক কাজ করে থাকেন। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে স্বাধীন আউটসোর্সিং কাজকে জনপ্রিয় করার চেষ্টা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। সম্প্রতি বিডিওএসএন ফ্রিল্যান্স আউটসোর্সিং নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং আমাদের দেশের ইংরেজি জানা এবং আইটিতে দক্ষ লোকদের জন্য একটি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। ভালো একটি ইন্টারনেট সংযোগ থাকলে এখন ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।’ তিনি জানান, ফ্রিল্যান্সারদের সহায়তা দেওয়ার জন্য বিডিওএসএন একটি অনলাইন সাপোর্ট গ্রুপও পরিচালনা করছে। তবে বিদেশে থেকে অনলাইনে টাকা আনার সহজ পদ্ধতিগুলো না থাকায় অনেকে এ কাজে উত্সাহিত হচ্ছে না—এ প্রসঙ্গে জাকারিয়া চৌধুরী জানান, বাংলাদেশি ব্যাংকিং সিস্টেমের নানা রকম জটিলতা, বিশেষ করে বাংলাদেশে ‘পেপল’-এর সেবা না থাকায় ফ্রিল্যান্সারদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। —নিজস্ব প্রতিবেদক