আউটসোর্সিংয়ে ভালো করছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউটসোর্সিংয়ে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের তথ্যপ্রযুক্তি বাজার নিয়ে সম্প্রতি প্রকাশিত গার্টনারের প্রতিবেদনে বিশ্বের সেরা ৩০টি আউটসোর্সিং দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ কথাই প্রমাণ করে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সফটওয়্যার মেলাতেও এর প্রকাশ দেখা গেল। এবারের মেলায় সাতটি স্টলে আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্রে তুলে ধরেছে। এই মেলায় আউটসোর্সিংয়ের কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোকে আলাদা একটি অঞ্চলে রাখা হয়েছে। প্রতিটি স্টলের সামনে নানা বয়সের মানুষ এসে আউটসোর্সিং বিষয়ে নানা ধারণা নিচ্ছেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের ডেটা এন্ট্রি, ওয়েবসাইট তৈরি, গ্রাফিক্স ডিজাইন, মানচিত্র তৈরি, নেটওয়ার্কিংসহ বিভিন্ন কাজ করছে। গ্লোবাল ইন্টার ক্রিয়েটিভের প্রশাসন ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, ‘মেলায় মানুষের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আউটসোর্সিং। এখানে এসে এটি বুঝে, কেউ কেউ যেমন কাজ করার আগ্রহ দেখাচ্ছেন, তেমনি অনেকে বিনিয়োগ করার ব্যাপারেও বেশ আগ্রহ দেখাচ্ছেন।’ আউটসোর্সিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান মেলাতেই এ কাজের দক্ষ লোকবল নিয়োগ দিচ্ছেন। আগ্রহী ব্যক্তিরাও সেখানে তাঁদের যাচাই করে নিচ্ছেন। আমাদের দেশে আউটসোর্সিংয়ের সম্ভাবনা অনেক বেশি বলে উল্লেখ করে সার্ভিস ইঞ্জিনের ব্যবসা উন্নয়ন নির্বাহী উছায়লা-তুল করিম বলেন, ‘অনেক তরুণেরা এই কাজে ভালো করছে। সারা দেশে যখন চাকরির সংকট, তখন আউটসোর্সিং হতে পারে দারুণ এক আয় ও কর্মসংস্থানের মাধ্যম। এই কাজে উন্নতি করতে চাইলে একজনকে অনেক দক্ষ হতে হবে। বিশেষ করে ইংরেজি ভালো বুঝতে পারা ও সফটওয়্যার সম্পর্কে খুব ভালো দক্ষতা থাকতে হবে।’ বললেন উছায়লা তুল করিম। আউটসোর্সিংয়ের বিষয়ে জানতে এসেছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফজাল হোসেন। তিনি বলেন, ‘আগে এই বিষয়টি অনেক শুনেছি। মেলায় এসে এ বিষয়ে অনেক ধারণা পেলাম, যা আমাকে আউটসোর্সিংয়ে আগ্রহী করে তুলেছে।’বেসিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘বেসিস সফটএক্সপো-২০১১’ মেলার সহ-আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, ‘এবারের মেলায় আউটসোর্সিংকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। বেসিস ও ইন্টারন্যাশনাল ট্রেড করপোরেশন (আইটিসি) যৌথভাবে আউটসোর্সিংয়ের ওপর একটি দুই বছর মেয়াদি প্রকল্প চালু করেছে। এর ফলে এ দেশে আউটসোর্সিংয়ের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়বে।’এ মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। —মোছাব্বের হোসেন