আউটসোর্সিংয়ে শক্ত অবস্থানে যাওয়ার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিল্যান্স আউটসোর্সিং-এ বাংলাদেশি তরুণদের সাফল্য, মোবাইল ফোন নেটওয়ার্কে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি চালু, স্মার্টফোনের অ্যাপ নির্মাণে তরুণদের আগ্রহ—এ সবই ২০১২ সালে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করেছে। ইন্টারনেটের মাধ্যমে কয়েক বছর ধরে আউটসোর্সিং কাজে সফলতা দেখাচ্ছেন বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার)। ২০১২ সালে তাঁদের অবস্থান আরও সুংসহত ও শক্ত হয়েছে। আউটসোর্সিং কাজ পাওয়ার শীর্ষ ওয়েবসাইটগুলোতে বাংলাদেশের অবস্থান শীর্ষ তালিকায়। তাই তো বছর শেষে ওডেস্ক, ফ্রিল্যান্সার ডট কম, ইল্যান্স ও ৯৯ ডিজাইনসের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফর করে আমাদের ফ্রিল্যান্সারদের প্রতি আগ্রহ দেখিয়ে গেছেন। ইল্যান্স বাংলাদেশে কার্যালয় স্থাপন করেছে, আর ফ্রিল্যান্সার ডট কম বাংলাদেশিদের জন্য আলাদা ওয়েবসাইটই চালু করেছে। আউটসোর্সিং গত বছর ঢাকার বাইরে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে প্রথমবারের মতো থ্রিজি প্রযুক্তি চালু হয়েছে গত বছর। টেলিটক থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে। টেলিটকের থ্রিজি গ্রাহকেরা উচ্চগতির ইন্টারনেট, ভিডিও কল, মোবাইল টিভি দেখা ইত্যাদি সুবিধা পাচ্ছেন। অন্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখনো এই প্রযুক্তি চালু করেনি। ২০১১ সালে আলাদাভাবে গঠন করা হয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। সে সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পান সৈয়দ আবুল হোসেন। তবে সে সময় এই মন্ত্রণালয়ের তেমন কোনো কার্যক্রম উল্লেখ করার মতো নজর কাড়েনি। চলতি বছর আইসিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান মোস্তফা ফারুক মোহাম্মদ। এই মন্ত্রণালয়ের উদ্যোগে ডিসেম্বর মাসে ডিজিটাল ওয়ার্ল্ড নামে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলার ওয়েব পোর্টাল জেলা তথ্য বাতায়ন হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে গত বছর। দু-তিন দিন ৬৪টির মধ্যে প্রায় ৫০ জেলার তথ্য বাতায়ন হ্যাকাররা দখল করে ফেলে। কয়েক দিনের মধ্যে অবশ্য সেই সব ওয়েব পোর্টাল পুনরুদ্ধার ও চালু করা হয়। বাংলাদেশ ও ভারতের হ্যাকারদের মধ্যে অপর দেশের ওয়েবসাইট হ্যাক করার প্রতিযোগিতা দেখা যায় গত বছর। একে দুই দেশের মধ্যে সাইবার-যুদ্ধ হিসেবে ঘোষণা করেন হ্যাকাররা। সীমান্তে হত্যাসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে বাংলাদেশের হ্যাকাররা ভারতের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে। পাল্টা ঘটনাও ঘটে। বেশ কদিন বিষয়টি ছিল আলোচনায়।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জনপ্রিয়তা সারা বিশ্বের মতো বাংলাদেশেও বেড়েছে গত বছর। সোশ্যাল বেকারস ডট কমের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত ব্যবহারকারীর দিক থেকে ফেসবুকে বাংলাদেশের অবস্থান ৪৮তম। ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৫২ হাজার ৬৮০ জন। লিংকড-ইনে পেশাজীবীদের সংখ্যা বেড়েছে। বেড়েছে গুগল প্লাসের ব্যবহারও। তবে গুগল প্লাস এখনো বাংলাদেশে তেমন কোনো আলোচনায় আসতে পারেনি। ফেসবুকে একদিকে নিজস্ব যোগাযোগ যেমন বেড়েছে, অপর দিকে ফেসবুকভিত্তিক ব্যবসা-বাণিজ্য, বিপণনও বেড়েছে। ফেসবুক এখন বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির একটি বড় মাধ্যমে তৈরি হয়েছে। আবার এই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করার ঘটনাও ঘটেছে। গত বছর সরকার প্রথমবারের মতো একটি অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া প্রকাশ করে। তবে এই খসড়া নীতিমালায়নানারকম অসংগতি থাকায় অনেকে এটি প্রত্যাখ্যান করে। পরে আবার নতুন করে এই নীতিমালার খসড়া তৈরি করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। সব মিলিয়ে ২০১২ সালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি নানা রকম আলোচনায়, ঘটনায় ছিল সরব।  পল্লব মোহাইমেন