আওয়ার অব কোডে যুক্ত হলো অ্যাপল

বিনা মূল্যে প্রোগ্রামিং সংকেত (কোড) শেখানোর জন্য কর্মশালা করার উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। বিশ্বব্যাপী আয়োজিত দ্বিতীয় বার্ষিক প্রোগ্রামিং-বিষয়ক আয়োজন ‘আওয়ার অব কোড’-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে অ্যাপলের অ্যাপ স্টোর। এ উদ্যোগের অংশ হিসেবে তরুণ ও শিক্ষার্থীদের শিক্ষার অংশ হিসেবে প্রোগ্রামিংয়ের পাঠ ও সংকেত লেখার (কোডিং) নানা বিষয় শেখানো হবে। ৮ থেকে ১৪ ডিসেম্বর অলাভজনক সংস্থা কোড ডট ওআরজির উদ্যোগে ‘আওয়ার অব কোড’ শীর্ষক এ আয়োজন হবে। মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় চলতি বছর এ উদ্যাগের অন্যতম উদ্দেশ্য আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি শিক্ষার্থীকে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি দেওয়া।
চলতি বছরে অ্যাপল বিনা মূল্যে এক ঘণ্টার কর্মশালা পরিচালনা করবে। অ্যাপলের পণ্য কেনাবেচার দোকান অ্যাপল স্টোরগুলোতে এ কর্মশালা পরিচালিত হবে। ১১ ডিসেম্বর থেকে অ্যাপল এ কর্মশালাগুলো শুরু করবে। তবে এ কার্যক্রমগুলো শুধু যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরগুলোতেই অনুষ্ঠিত হবে।
কোড ডট ওআরজির এ উদ্যোগে অ্যাপলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো স্বউদ্যোগে এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ায় সত্যিকার অর্থে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে হাতেখড়ি দেওয়া যাবে। গত বছর থেকে প্রোগ্রামিং শেখানোর এ উদ্যোগ নেয় কোড ডট ওআরজি (www.code.org)। চলতি বছর বাংলাদেশেও আওয়ার অব কোডের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোডিং শেখানো হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুলের উদ্যোগে এবং কিশোর আলোর সহযোগিতায় সারা দেশে বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এসব কর্মশালা। আওয়ার অব কোডের বিস্তারিত: www.hourofcode.com।