আকাশছোঁয়া স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ খাসনবীশ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
আকাশ খাসনবীশ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক ছেলে দুরু দুরু বুকে গুটি গুটি পায়ে ক্যাম্পাসে হাঁটছিলেন। সেদিনই ছিল তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। কিছুক্ষণ চলার পর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা ছেলেটিকে থামান। র‌্যাগ করার উদ্দেশ্য নিয়ে তাঁকে গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভয়মিশ্রিত কণ্ঠে ওই ছেলেটি গানে সুর তোলেন। মুহূর্তেই সুরের মায়াবী ইন্দ্রজালে সবাই মুগ্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে ওই ছেলেটির সেই যে গান গাওয়া শুরু হয়েছিল, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সেদিনের সেই ছেলেটি এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর নাম আকাশ খাসনবীশ। সুনামগঞ্জের ওই ছেলেটি নিজ শহরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করেছিলেন।
আকাশের ব্যবসায়ী বাবা উৎপল খাসনবীশ উদীচী সুনামগঞ্জ শাখার একজন সংগঠক, মা সীমা খাসনবীশ গৃহিণী। তাঁর বড় বোনও বাবার মতোই বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। ফলে বাড়িতে দিন-রাত নানা বয়সী শিল্পীদের ভিড় লেগেই থাকত। সে পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। পারিবারিকভাবেই তাই সংগীতে তাঁর হাতেখড়ি।
হাসন রাজা, রাধারমণ, শাহ আবদুল করিমসহ সিলেট অঞ্চলের প্রখ্যাত লোকগীতিকারদের লেখা গানের প্রতি আকাশের দারুণ আগ্রহ। ২০১৩ সালে শুরু হওয়া আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আকাশ ছয়জন শ্রেষ্ঠ শিল্পীর একজন নির্বাচিত হয়েছেন। সেসব পর্ব বাংলাদেশ টেলিভিশনে এখন নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। এর সুবাদে ক্যাম্পাসে তাঁর তারকাখ্যাতিও রাতারাতি বেড়ে গেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়ার আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন আকাশ। প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’-এর কোষাধ্যক্ষ, ভেটেরিনারি ছাত্র সমিতির সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এবং কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আকাশ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী।
বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন রশীদ চৌধুরী হলের বাসিন্দা আকাশ বলেন, ‘আকাশছোঁয়া স্বপ্ন আমার। কত কিছুই তো হতে চাই জীবনে। তবে সবার আগে ভালো একজন শিল্পী হতে চাই।’