আকাশপথে ট্যাক্সি চলাচল নিয়ন্ত্রণ করা হবে যেভাবে

দক্ষিণ কোরিয়ার গিমপো এয়ারপোর্টে জার্মানির ভোলোকপ্টারের তৈরি দুই আসনের একটি উড়োযান পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখান এক চালকরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা (ইউএএম) চালুর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। এতে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর কিংবা কাছের শহরগুলোতে যাতায়াতের সময় দুই-তৃতীয়াংশ কমবে বলে মনে করা হচ্ছে। সে উড়োযানগুলোর নিয়ন্ত্রণ কীভাবে করা হবে, রাজধানী সিউলে তারই প্রদর্শনী হয়েছে আজ বৃহস্পতিবার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিক উড়াল ট্যাক্সিসেবা চালুর রোডম্যাপ উপস্থাপন করা হয় গত বছর। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী ৩০ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে যেখানে গাড়িতে ঘণ্টাখানেক লাগত, সেখানে উড়াল ট্যাক্সিতে লাগবে ২০ মিনিটের মতো।

দক্ষিণ কোরিয়ার পরিবহনমন্ত্রী নোহ হিয়ং-উক এক বিবৃতিতে জানান, ইউএএম যেহেতু বহুল ব্যবহৃত পরিবহনগুলোর একটিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে, যা নাগরিকেরা প্রতিদিনের যাতায়াতে ব্যবহার করবে, সুতরাং বিভিন্ন পরিবেশে তা পরীক্ষা করে দেখা আবশ্যক।

সিউলের গিমপো এয়ারপোর্টে জার্মানির ভোলোকপ্টারের তৈরি দুই আসনের একটি উড়োযান পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখান এক চালক। সেটির নিয়ন্ত্রণ এবং সমন্বয়ব্যবস্থাও দেখানো হয় প্রদর্শনীতে।

উড়াল ট্যাক্সিটি হেলিকপ্টারের মতো রোটরের সাহায্যে সরাসরি খাড়াভাবে উড্ডয়ন করতে পারে। সেটা চালকের পরিচালনায় হতে পারে, আবার চালকহীন স্বয়ংক্রিয়ভাবেও হতে পারে।

জার্মানির ভোলোকপ্টারের তৈরি দুই আসনের একটি উড়োযান
রয়টার্স

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উড়াল ট্যাক্সিতে যাত্রী থাকলে নিরাপত্তার জন্য তাতে একজন চালক থাকা আবশ্যক। এতে জনগণের কাছেও গ্রহণযোগ্যতা বাড়বে।

দক্ষিণ কোরীয় নকশাকার তাঁদের নিজস্ব নকশায় তৈরি একটি উড়োযানও দেখান প্রদর্শনীতে। পূর্ণ আকারের একটি প্রোটোটাইপ আগামী বছরের মধ্যে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করবে। পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঁচ আসনের একটি কার্যকর মডেল তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁদের।

একই প্রদর্শনীতে অন্যান্য উড়োযান শনাক্ত করার প্রযুক্তিও দেখানো হয়। ‘ভার্টিপোর্ট’ নামের বিশেষ জায়গায় উড়াল ট্যাক্সিগুলোর উড্ডয়ন বা অবতরণ করবে। দূর থেকে এ স্থানগুলো শনাক্তের জন্য বিশেষ আলোর ব্যবস্থাও দেখানো হয় সেখানে।

সিউলের ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মধ্য সিউলে উড়াল ট্যাক্সিতে যেতে ৯৩ ডলারের মতো খরচ পড়বে। যা প্রচলিত ট্যাক্সিসেবাগুলোর খরচের চেয়েও ঢের বেশি। তবে সবাই ব্যবহার শুরু করলে ২০৩৫ সাল নাগাদ এ খরচ ১৭ ডলারে নেমে আসবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

পরীক্ষামূলক উড্ডয়নে দেখানো হয়, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বিমান চলাচলে ব্যবহৃত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম দিয়েই উড়াল ট্যাক্সি নিয়ন্ত্রণ করা সম্ভব।