আকাশযাত্রায় আরেক রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগোয়া থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে পাঁচ দিনের দীর্ঘ যাত্রার পর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবতরণ। বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে আট হাজার কিলোমিটারের এই যাত্রাটিই সৌরশক্তিচালিত উড়োজাহাজ সোলার ইমপালস টুর জন্য সবচেয়ে কঠিন পর্যায়। আর এ যাত্রা শেষ করার আগেই একটানা ৭৬ ঘণ্টা একক আকাশযাত্রায় পুরোনো রেকর্ডটি ভাঙলেন সুইজারল্যান্ডের পাইলট আদ্রেঁ বর্শবার্গ। টানা ১১৮ ঘণ্টার যাত্রা শেষে গতকাল তিনি গন্তব্যে (হাওয়াই দ্বীপপুঞ্জের ক্যালায়েলোয়া) পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে গত ৯ মার্চ সোলার ইমপালস টুর যাত্রা শুরু হয়েছিল। তারপর একে একে সাতটি ধাপ অতিক্রম করেছে উড়োজাহাজটি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এটি এক বড় সাফল্য। ২০০৬ সালে একটানা ৭৬ ঘণ্টা উড়োজাহাজ চালিয়ে রেকর্ড গড়েছিলেন মার্কিন অভিযাত্রী স্টিভ ফসেট। 
রয়টার্স ও বিবিসি।