আকাশে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশে যেভাবে ইন্টারনেট কাজ করে
আকাশে যেভাবে ইন্টারনেট কাজ করে

‘আকাশে ইন্টারনেট’ শব্দযুগলে তেমন নতুন কোনো মাত্রা যোগ না হলেও আকাশে উড়ন্ত বিমানে বসে ইন্টারনেট ব্যবহার করে বেশ ভালোই রোমাঞ্চিত হয়েছি। জুলাই মাসের শেষদিকে আমি যখন সিডনি থেকে ঢাকা ফিরি, তখন সিঙ্গাপুর এয়ারলাইনসের সিডনি-সিঙ্গাপুর ফ্লাইটে বসেই ইন্টারনেট ব্যবহার করি। এ-সংক্রান্ত একটি তথ্যপুস্তিকা রয়েছে বিমানে। সে মতে, ‘হটস্পট’ ওয়াই-ফাই দিয়ে বিমানের অভ্যন্তরীণ সার্ভারের সঙ্গে স্মার্টফোনের সংযোগ করি। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় ডলার ৯৯ সেন্টস দিয়ে পাঁচ মেগাবাইটের ইন্টারনেট প্যাকেজ কিনি। কেনামাত্রই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আকাশ থেকে মাটিতে সংযোগ তৈরি হয়ে যায়।
বিমান তখন উড়ছিল প্রায় ৪০ হাজার ফুট ওপর দিয়ে। আকাশে বসে ওয়েবসাইটে ঘোরাঘুরি, এ এক অসাধারণ অনুভূতি তখন আমার। ছবিসহ ফেসবুকে স্ট্যাটাস দিলাম। কমেন্টস আর লাইকে লাইকে ভরে গেল আমার স্ট্যাটাস। আমি উত্তেজিত, কি করি না-করি এমন অবস্থা। বিমান থেকে ফোনকল তো দেওয়া যায়-ই, তবে প্রতি মিনিটে খরচ চার ডলার। চট করে চিন্তা করলাম, ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) মাধ্যমে কথা বলা যায় কি না, দেখি একটু। আইফোনে ভাইবার ইনস্টল করাই ছিল। দিলাম কল আমার স্ত্রীর ফোনে। আমি তখন মধ্যরাতে অস্ট্রেলিয়ার আকাশে আর স্ত্রী বাংলাদেশে। স্পষ্ট আওয়াজ, কথা বললাম প্রায় আট মিনিট। মনটা ভরে গেল প্রযুক্তির এ আশীর্বাদে। আনন্দে বিমানের এয়ার অ্যাটেন্ড্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, অতিরিক্ত উচ্চমূল্য ও ব্যবহারবিধি না জানার কারণে যাত্রীরা এখনো এ সুবিধা বেিশ ব্যবহার করছেন না, তবে আশা করছেন অচিরেই এ সুবিধা জনপ্রিয় হয়ে উঠবে যাত্রীদের কাছে।
যদিও বেশ কিছুদিন আগেই সীমিত আকারে এ সুবিধা চালু করেছে কিছু কিছু বিমান তাদের নির্দিষ্ট কিছু রুটে, তার পরও যাত্রীরা অভ্যস্ত হয়ে ওঠেননি এখনো। সিঙ্গাপুর এয়ারলাইনসের এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ বিমানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু কিছু রুটে এ সুবিধা চালু হয়েছে। এ ছাড়া আরও কিছু বিমানে পাওয়া যাবে আকাশে ইন্টারনেটের সুবিধা।