আখাউড়ায় অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। একই দিন আখাউড়া পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নের সচিব ও একজন করে স্বেচ্ছাসেবককে ‘অনলাইনে জন্মনিবন্ধন’ করার প্রশিক্ষণও দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী আখাউড়ার ১২ জন ডেটা এন্ট্রি অপারেটর ও চারজন তদারককারীকে প্রশিক্ষণ দেন। আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের কমিউনিটি ই-সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মার্চের মধ্যে উপজেলার প্রায় সোয়া এক লাখ নিবন্ধিত নারী-পুরুষ ও শিশুর তথ্য অনলাইনে প্রকাশ করা হবে বলেও প্রকল্প পরিচালক জানান। পৌরসভা ও ইউনিয়নগুলোতে জন্ম ও মৃত্যু বিষয়ে যে তথ্য রয়েছে, ওই সব তথ্য অনলাইনে নিবন্ধনের পাশাপাশি নতুন তথ্যও সেখানে যোগ করা হবে।স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আ স ম হাসান আল-আমিন বলেন, bris.lgd.gov.bd/pub ঠিকানার ওয়েবসাইটে নাগরিকেরা (যেসব এলাকায় অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি প্রিন্ট করে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়নে জমা দিয়ে বাংলা অথবা ইংরেজি ভাষায় জন্ম বা মৃত্যুনিবন্ধন সনদ গ্রহণ করতে পারবেন। তবে মৃত্যুসনদ গ্রহণের জন্য মৃত ব্যক্তির জন্মনিবন্ধন আগে থেকে করা না থাকলে তা করিয়ে নিতে হবে। অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম তদারকি করবেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সহকারী কমিশনার ভূমি মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ।জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক জানান, দেশের সব কটি বিভাগে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভাগগুলোর প্রতিটি জেলা ও থানায় এ কার্যক্রম চলবে। তিনি বলেন, ‘আজ (গতকাল) মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে ২৮ লাখ ৩৬ হাজার ৪৬ জনের অনলাইনে জন্মনিবন্ধন হয়েছে।’ —দুলাল ঘোষ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি