আগন্তুকের খবর জানাবে দোরঘণ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার অনুপস্থিতিতে আপনার বাসায় আসা আগন্তুকের খবর জানিয়ে দেবে ওয়াই-ফাই প্রযুক্তির দোরঘণ্টি (ডোরবেল)। শুধু তা-ই নয়, এই ঘণ্টি আপনার অনুপস্থিতিতে আপনার বাসায় আগমনকারীর সঙ্গে সরাসরি ভিডিও চ্যাটের ব্যবস্থাও করে দেবে। ‘ডোরবট’ নামের এই স্মার্ট ডোরবেলের নতুন একটি সংস্করণ গত ২২ জুলাই বাজারে ছাড়া হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। আগের মডেলগুলোর মতো এটিও দরজার বাইরে লাগানো থাকবে। ডোরবটের সামনের অংশে রয়েছে একটি ক্যামেরা। যখন কেউ বেলটি বাজাবে, ডোরবটটি তখন স্বয়ংক্রিয়ভাবে মালিকের স্মার্টফোনে ফোন করবে এবং এর ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে সরাসরি ভিডিও পাঠাতে থাকবে। ফলে ইচ্ছে করলেই ভিডিও চ্যাটের মাধ্যমে আগমনকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে। অবশ্য এ জন্য স্মার্টফোনে ‘ডোরবট অ্যাপ্লিকেশন’ ইনস্টল থাকতে হবে। আর এই অ্যাপটি সর্ম্পূণ বিনা মূল্যে পাওয়া যাবে। নতুন এ ডোরবেলটি আকারে আগেরগুলোর চেয়ে অনেক ছোট। এর ভেতরে রয়েছে চার্জ করা যায় এমন লিথিয়াম পলিমার ব্যাটারি, যা প্রায় এক বছর পর্যন্ত সক্রিয় থাকবে। এটি অনেক শক্তিশালী। ফলে এটিকে কেউ সহজে চুরি করতে পারবে না। তা ছাড়া ব্যবহারকারীরা এতে ‘লকিট্রন’ নামে আরেকটি সেবা সংযুক্ত করে নিতে পারবেন, যার সাহায্যে তাঁরা তাঁদের স্মার্টফোনের সাহায্যে দূর থেকেই দরজা খুলতে কিংবা বন্ধ করতে পারবেন। আর এ জন্য ডোরবটটির মোট মূল্য দাঁড়াবে প্রায় ৩৪৯ মার্কিন ডলার। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা