আগস্টে বাজারে আসছে আইফোন ৫!
অ্যাপলের তৈরি আইফোন-৫ চলতি বছর বাজারে আসবে বলে জানা গেছে। শুধু তাই নয়, আইফোনের নতুন এ সংস্করণটি ৭ আগস্ট বাজারে আসবে বলেও জানিয়েছে নো ইউর মোবাইল ওয়েবসাইট। ওয়েবসাইটটির দাবি, বিশ্বস্ত সূত্র থেকেই এমন সংবাদ পাওয়া গেছে। এর আগেও এ ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল। মোবাইলের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডচালিত স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এসথ্রি বাজারে আসার পরই আইফোন-৫ সংক্রান্ত খবরটি প্রকাশ করা হয়। মূলত গ্যালাক্সি এসথ্রি স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলতি বছরই আইফোন-৫ বাজারে ছাড়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। মোবাইল ফোনের বাজারে শীর্ষে থাকা স্যামসাং ইতিমধ্যে গ্যালাক্সি এসথ্রি দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। নো ইউর মোবাইল ওয়েবসাইটে এর আগে আইফোন-৪ বাজারে আসার একটি তারিখ জানানো হয়েছিল। তবে নতুন আইফোন-৫-এর ব্যাপারে তেমন কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইফোন-৫-এর ব্যাপারে বাজারে নানা ধরনের গুজব চলছে। তবে আমরা আশা করছি, যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে নতুন এ ফোনটি পৌঁছাতে পারব। নতুন আইফোনটি অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস-৬ চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আইফোনে কী কী সুবিধা যুক্ত হচ্ছে, কেমন হবে চেহারা, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দারুণ চমক নিয়ে আইফোন-৫ আসছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাজারে শ্রেষ্ঠত্ব ধরে এগিয়ে যেতে হলে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হবে অ্যাপলকে। আর তাই সর্বশেষ প্রযুক্তি ও উন্নত বৈশিষ্ট্য যুক্ত করাই হবে আইফোনের লক্ষ্য। এখন অপেক্ষা আইফোনপ্রেমীদের নতুন আইফোন-৫-এর। —টাইমস অব ইন্ডিয়া ও সি নেট অবলম্বনে কাজী আশফাক আলম