আগস্টে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের মৌলিক বিজ্ঞান শিক্ষায় অনুপ্রাণিত করতে হবে। এ জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে গবেষণাধর্মী কাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। সার্চ ইঞ্জিন গুগল আয়োজিত গুগল বিজ্ঞান মেলা, আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের পাঠানো গেলে তাদের মধ্যে আগ্রহ বাড়বে।
গতকাল শনিবার ঢাকায় একটি হোটেলে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সভাপতি মুহম্মদ জাফর ইকবাল।
সম্মেলনে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক এস এম আশরাফুল ইসলাম এ সময় বলেন, ‘আমাদের দরকার উদ্ভাবনী শক্তি ও উদ্ভাবনী মানসিকতা।’ বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়াসমিন হক, এফএসআইবির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বিপণনপ্রধান আজম খান, কংগ্রেসের আহ্বায়ক ফারসীম মান্নান মোহাম্মদী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাছাই করা ২৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনের ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’। তিনটি বিভাগের মাধ্যমে কংগ্রেসে অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। থাকবে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ উপস্থাপন, প্রকল্প প্রদর্শন, পোস্টার তৈরি ও প্রদর্শন।
চুড়ান্ত কংগ্রেসের আগে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে নানা রকম প্রস্তুতিমূলক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও কুদরাত-ই-খুদা গ্রীষ্মকালীন বিজ্ঞান ক্যাম্প। আগামী মাস থেকে শুরু হবে এসব কার্যক্রম। বিজ্ঞানের শিক্ষকদের জন্য থাকবে বিজ্ঞান ক্যাম্প। বিস্তারিত: www.cscongress.org।
এসপিএসবির আয়োজনে শিশুদের জন্য দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে সায়েন্স কংগ্রেস। এর প্রধান পৃষ্ঠপোষক এফএসআইবি, সহযোগী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), বেসিস, রকমারি ডটকম ও জিরো টু ইনফিনিটি।
—মো. রাফাত জামিল