আগামী প্রজন্মের প্রযুক্তিতে আসছে বড় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। ভবিষ্যতের প্রযুক্তিতে এখনকার চেয়ে উন্নত সুবিধা পাওয়া যাবে। সে জন্য যে ধরনের কার্যক্রম ও উদ্যোগ প্রয়োজন সেগুলোকে যতদ্রুত সম্ভব বাস্তবায়নের ব্যাপারে কাজ করতে হবে। সোমবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও নিওস্টার অ্যালায়েন্স (এনএসএ) আয়োজিত ‘আগামী প্রজন্মের জন্য আইপি টেলিফোন, তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ও ওয়াইম্যাক্স হচ্ছে অগ্রগামী প্রযুক্তি’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশীয় প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যেতে সরকার বিভিন্ন নীতিমালাকে আরও গতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি গ্রামের মানুষকে প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট করতে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।এ ছাড়া দেশে মোবাইল ফোন তৈরি করার পরিকল্পনাও করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান এম এ কাশেম, উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, উপ-উপাচার্য এস এ এম খায়রুল বাশারসহ আরও অনেকে। সেমিনারে আইপি টেলিফোন, নিয়ন্ত্রণকাঠামো (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক), ওয়াইম্যাক্স, তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি), উচ্চপ্রযুক্তির নেটওয়ার্ক, দক্ষ মানব সম্পদসহ সাতটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ, বাংলা ট্রাক কমিউনিকেশনের প্রধান নির্বাহী তারিক ই হক, অজের বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল টি আহমেদ, গ্রামীণফোনের কারিগরি বিভাগের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. মুনির হাসান, ফাইবার অ্যাট হোমের মহাব্যবস্থাপক ফেরদৌস আল আমিন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি মামনুন কাদের এবং এনএসইউ তথ্যপ্রযুক্তি কেন্দ্রের (সিআইসিটি) পরিচালক মিফতাউর রহমান। প্রবন্ধ গুলোতে আগামী প্রজন্মের বিভিন্ন ধরনের প্রযুক্তির বিষয়গুলোর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সেমিনারে বিশ্ববিদ্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। —নুরুন্নবী হাছিব