আগামী বছর থেকে হকিং পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিফেন হিকং
স্টিফেন হিকং

বৈজ্ঞানিক যোগাযোগের ক্ষেত্রে ও বিজ্ঞানের প্রসারে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাঁদের হকিং পদক দেওয়া হবে। যুক্তরাজ্যের খ্যাতনামা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সম্প্রতি তাঁর নামে পদক দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
হকিংয়ের দেওয়া পদকের নাম হবে ‘স্টিফেন হকিং মেডাল ফর সায়েন্স কমিউনিকেশন। যাঁরা সিনেমা, সংগীত, লেখনি ও চিত্রকলার মাধ্যমে বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাবেন তাঁদের জন্য এই পদক।
যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদক দেওয়া প্রসঙ্গে হকিং কৌতুক করে বলেন, ‘আমি আজ এখানে এসে খুশি যে, আমি কোনো পদক নিচ্ছি না, বরং একটি পদক ঘোষণা করছি।’
হকিং বলেন, ‘আমি যখন আ ব্রিফ হিস্ট্রি অব টাইম বইটি লিখি, তখন আমাকে কেউ কেউ বলেছিলেন যে এত কঠিন পদার্থবিদ্যার একটা বই কেউ পড়বে না। কিন্তু আমার সৌভাগ্য যে, সে ধারণা সত্যি হয়নি। সারা বিশ্বের মানুষ বৈজ্ঞানিক তথ্যের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। মানুষ জানতে চায়, বুঝতে চায়।’
হকিং ঘোষণা দিয়ে বলেছেন, আগামী বছরের গ্রীষ্মে বৈজ্ঞানিক, আর্টিস্টিক ও ফিল্ম এ তিন বিভাগে পদক দেওয়া হবে। আগামী বছরের ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত স্পেনের ক্যানারি দ্বীপে স্টারমাস ফেস্টিভ্যাল নামের বৈজ্ঞানিক মেলায় এ পদক দেওয়া হবে।