আগামী বছরেই ২৫০ কোটি মানুষের হাতে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে।
স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

এখন অনেকটা সাশ্রয়ী দামেই মিলছে স্মার্টফোন। আর এ কারণেই সম্ভবত স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ২০১৫ সালের শেষে দুনিয়াজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা হবে ২শ’ ৫০ কোটি। সংখ্যাটি বৈশ্বিক জনসংখ্যার ৩৫ শতাংশ। তার মানে বিশ্বের প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষের হাতেই থাকবে স্মার্টফোন। আর প্রতি ১০ জনের ৩ জনের বেশি মানুষ স্মার্টফোনের সুবিধা ভোগ করবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাজার গবেষণা সংস্থা ‘স্ট্র্যাটেজি অ্যানালিস্ট’ এর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আইএএনএস এক খবরে এ তথ্য জানিয়েছে।

এক্ষেত্রে এরিকসনের বাজার গবেষণা প্রতিবেদনটি তো আবার এক ধাপ এগিয়ে। তারা বলছে ২০১৩ সালের শেষেই স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯০ কোটি ছুঁয়েছে। আর ২০১৫ সালের শেষে এটি ৩৩০ কোটিতে গিয়ে ঠেকবে।

দাম কম হওয়াতেই এত মানুষ স্মার্টফোন ব্যবহার করছে এবং ভবিষ্যতেও করবে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। স্ট্র্যাটেজি অ্যানালিস্ট দাবি করেছে, দাম কমের কারণেই খুব সহজে ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্রেতাদেরকেও আকৃষ্ট করতে পেরেছে স্মার্টফোন।

স্ট্র্যাটেজি অ্যানালিস্টের বরাত দিয়ে আইএএনএস’র এক প্রতিবেদনে বলা হয়, ‘সবচেয়ে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারী আছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। অন্যদিকে ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলোতে সর্বোচ্চ সংখ্যক মানুষ উচ্চ প্রযুক্তির মোবাইল ব্যবহার করে।’