আগামী বছরের শুরুতে মোবাইল ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের শুরুতে বড় আকারে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। এ ব্যাপারে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে নিউ স্টার অ্যালায়েন্স আয়োজিত ‘ফিনানশিয়াল ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট অব আইসিটি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেন। তিনি যোগ করেন মোবাইল ফোননির্ভর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে নানা ধরনের আর্থিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এরই মধ্যে ডাকঘরে লেনদেনের কার্যক্রম চালু আছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস ইন বাংলাদেশের (অ্যামটব) সভাপতি জাকিউল ইসলাম। বক্তৃতা করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার প্রতিষ্ঠান ই-জেনারেশনের শামীম আহসান, নিউ স্টার অ্যালায়েন্সের সভাপতি এডওয়ার্ড অপূর্ব সিংহসহ অনেকে।বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক, মোবাইল ফোন প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা দিতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে ব্যাংক, মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করতে হবে। তবেই এ সেবা যথাযথভাবে সবাই পাবে এবং মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের আর্থিক কার্যক্রম বাড়বে। —নুরুন্নবী চৌধুরী