আগামী মাসে ল্যাপটপ মেলা
আগামী ১৫ থেকে ১৭ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, এবারের মেলায় নতুন প্রজন্মের প্রযুক্তিপ্রেমের বিষয়টি মাথায় রেখে বিশেষ আয়োজন থাকছে। দেশের বাজারে এখন পর্যন্ত আসেনি এমন অনেক পণ্য মেলায় দেখা যাবে। বিগত কয়েক বছরে প্রতিটি ল্যাপটপ মেলা নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের যেমন আগ্রহ দেখা গেছে, তেমনি প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
এবারের মেলার স্লোগান ‘সবার জন্য ল্যাপটপ’। মেলায় থাকছে ৩৮টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন। অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানই বিশেষ ছাড়ে ল্যাপটপ বিক্রি করবে। সঙ্গে থাকবে উপহার। দর্শনার্থীরা সাম্প্রতিক প্রযুক্তির ল্যাপটপ, নেটবুক কম্পিউটার যাচাইবাছাই করে দেখতে ও কিনতে পারবেন। মেলায় গেম প্রতিযোগিতাও থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। বিস্তারিত: www.facebook.com/laptopfair.bd। —রাহিতুল ইসলাম