‘জানুক সবাই দেখাও তুমি’—স্লোগান নিয়ে আগামী মাসে দেশে শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৫। হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হবে ৮ মে থেকে। প্রথমে হবে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা, শেষে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ এ প্রতিযোগিতার ঘোষণা দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, ‘আমরা জাতীয় পর্যায়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছি সেটা যথাযথ এক উদ্যোগ। এ উদ্যোগের উদ্দেশ্য স্কুলশিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করে তোলা।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘এর মাধ্যমে আমরা আমাদের দেশের ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ে দক্ষ করে তুলতে পারব।’
সম্মেলনে জানানো হয়, এ আয়োজনে ৩০ মিনিটের আইসিটি কুইজ এবং দুই ঘণ্টার ও প্রোগ্রামিং প্রতিযোগিতা থাকবে। প্রোগ্রামিং প্রতিযোগিতা দুই বিভাগে হবে। জুনিয়র বিভাগে ষষ্ঠ থেকে নবম এবং সিনিয়র ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। কুইজ প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
দেশের সাত বিভাগের আট অঞ্চলে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় আগামী ২৯ মে আয়োজন করা হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২৯ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।
প্রতিযোগিতার আয়োজক আইসিটি বিভাগ। সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), কোডমার্শাল, দ্বিমিক কম্পিউটিং স্কুল। পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন সংযোগদাতা রবি।
বিস্তারিত: www.nhspc.org।
রাহিতুল ইসলাম