আগামী মাসেই আসছে লাইট্রো ক্যামেরা
ছবি তোলার পর পর ইচ্ছামতো ফোকাস ঠিক করার সুবিধা নিয়ে লাইট্রো ক্যামেরা আগামী মাসেই বাজারে আসছে বলে জানা গেছে। শুরুর দিকে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, হংকং ও যুক্তরাষ্ট্রে এ ক্যামেরাটি পাওয়া যাবে। এ ছাড়া প্রথম দিকে শুধু ইন্টারনেটে আবেদনের মাধ্যমে ক্যামেরাটি পাওয়া যাবে। লেট্রোর প্রধান নির্বাহী চার্লস চি জানান, মাত্র ছয় মাস আগে ক্যামেরার কথা আনুষ্ঠানিকভাবে জানানোর পর থেকে লেট্রোর ওয়েবসাইটে (www.lytro.com) প্রায় চার লাখ ছবি যুক্ত হয়েছে। আমরা আশা করছি, লাইট্রো সবার হাতে চলে এলে ছবি তোলার ক্ষেত্রে সারা বিশ্বেও নতুন এক দিগন্ত উন্মোচিত হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করা রেন এনজির তৈরি লাইট্রো মসৃণ, ৪.৪ x ১.৬ ইঞ্চি বর্গাকার বাক্স। যার এক পাশে রয়েছে লেন্স এবং অন্য প্রান্তে এলসিডি টাচস্ক্রিন। চমৎকার এ ক্যামেরাটি এসেছে তিনটি ভিন্ন মডেলে। এর মধ্যে বৈদ্যুতিক নীল ও গ্রাফাইট রঙের দুটির দাম ৩৯৯ ডলার। রয়েছে ৮ গিগাবাইট মেমোরি, যার মাধ্যমে নেওয়া যাবে ৩৫০টি শট। অন্যটি রেড হট রঙের, যেটির মেমোরি ১৬ গিগাবাইট। —এএফপি অবলম্বনে কাজী আশফাক আলম