আগামী মাসের মধ্যে আরও ১০ জেলায় ই-সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের পর মার্চ মাসের মধ্যে আরও ১০টি জেলা শহরে ‘জেলা ই-সেবাকেন্দ্র’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাগুলো হলো পঞ্চগড়, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সাতক্ষীরা, মাগুরা, ঝালকাঠি, ময়মনসিংহ, নরসিংদী ও নেত্রকোনা। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাত দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১১টি জেলার মোট ৬৬ জন এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ জেলায় এই ই-সেবা পরিচালনা করবেন এবং অন্যদের প্রশিক্ষণ দেবেন। কর্মশালায় জেলা ই-সেবাকেন্দ্র স্থাপন এবং কীভাবে পরিচালনা করা হবে—এসব বিষয় শেখানো হবে। বিসিসি ও এটুআই প্রকল্পের কর্মকর্তারা ‘রিসোর্স পারসন’ হিসেবে থাকবেন।প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবাকেন্দ্র চালু করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে সংস্থাপন মন্ত্রণালয়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এটুআই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে জেলা ই-সেবাকেন্দ্র চালু করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব কায়সারুল ইসলাম। —বিজ্ঞপ্তি