আগামীকাল থেকে ঢাকায় বিপিও সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২৮ জুলাই থেকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে দুই দিনের বিপিও সম্মেলন ২০১৬। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিপিও সম্মেলন নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় আইসিটি বিভাগের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের লক্ষ্য স্থানীয় বাজার সম্প্রসারণ করা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই খাত থেকে বিলিয়ন ডলার আয় করা এবং এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা।’
সম্মেলনে আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘পাবলিক প্রাইভেট যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি খুব দরকারি।’ সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাক্যের সভাপতি আহমাদুল হক, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনে বিশ্বের কাছে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে আমাদের দক্ষতা কথা তুলে ধরা হবে। এই সম্মেলনে ছয়টি দেশ থেকে অতিথিরা আসবেন। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ভারত। দুই দিনে মোট ১২টি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।