আগামীকাল থেকে ঢাকায় স্মার্টফোন মেলা
আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪’। এক্সপো মেকারের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলায় থাকবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাঈন সিদ্দিকী প্রথম আলোকে জানান, এবারের মেলায় স্যামসাং, নকিয়া, সিম্ফনি, এলজি, আসুস, এসার, লেনেভোসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় থাকছে মোবাইলের অ্যান্টিভাইরাস সিকিউরিটি ব্র্যান্ড প্যান্ডা ও অ্যাভিরা। মেলায় ১২টি স্টলে স্মার্টফোন ও ট্যাবের বিভিন্ন মডেলের পণ্য প্রদর্শিত হবে বলেও জানান তিনি।
মেলায় ঢুকতে কোনো টিকিট লাগবে না। সব পণ্যের সঙ্গে থাকছে বিশেষ মূল্যছাড় ও উপহার। মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে একাধিক সেমিনার। কাল সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন শেষে দর্শকদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে অ্যাভিরা, নকিয়া, স্যামসাং, সিম্ফনি ও প্যান্ডা। সহযোগী হিসেবে থাকছে এবিসি রেডিও, এখনি ডটকম, টেক শহর ডটকম, ট্রোন এবং বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টারস অ্যাসোসিয়েশন। মেলার নানা তথ্য জানা যাবে ফেসবুকে (facebook.com/STExpo)। —রাহিতুল ইসলাম