আগামীকাল থেকে শুরু ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ওয়ার্ল্ড
ডিজিটাল ওয়ার্ল্ড

আগামীকাল ৪ জুন থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে চারদিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ শীর্ষক মেলা। তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে তিনটি এক্সপো। এগুলো হলো, সফটওয়্যার খাতের মেলা সফটএক্সপো, ই-গভর্নেন্স ও মোবাইল ইনোভেশন এক্সপো।
এ ছাড়া মেলায় থাকবে ই-কমার্স জোন, বিপিও, ডেভলপার ও আউটসোর্সিং ফোরাম, সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট ইত্যাদি আয়োজন। তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনীর পাশাপাশি চার দিনের এ মেলায় অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক ৩০টি সেমিনার ও বেশ কয়েকটি কারিগরি পর্ব। মেলা সবার জন্য উন্মুক্ত।
বেসিসের মহাসচিব ও মেলার প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ প্রথম আলোকে জানান, ‘সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত এ মেলা ডিজিটাল মেলার ক্ষেত্রে ঐতিহাসিক এক ঘটনা। মেলার বিশেষ আয়োজনে থাকছে সেমিনার, কারিগরি পর্বসহ আরও অনেক কিছু।’ তিনি বলেন, ‘অনেক বিদেশি অতিথি এবারের মেলায় উপস্থিত থাকবেন এবং সেমিনারে বক্তব্য উপস্থাপন করবেন। মেলায় ৩৭ জন অতিথি বক্তা থাকবেন।’

মেলার লক্ষ্য সম্পর্কে প্রকল্প পরিচালক আরও বলেন, ‘বর্হি বিশ্বে ডিজিটাল বাংলাদেশকে ইতিবাচক ব্র্যান্ড হিসেবে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।।’
মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন, বাংলাদেশ কম্পিউটার সমিতি, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং।
এ মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসাইট (http://www.digitalworld.org.bd/) থেকে।