আগামীকাল থেকে সিটিআইটি মেলা
রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার বার্ষিক মেলা আগামীকাল শুরু হচ্ছে। সিটিআইটি ২০১০ শিরোনামে আয়োজিত এ মেলায় এবারও থাকছে বিভিন্ন প্রযুক্তির পণ্য প্রদর্শন ও পণ্যে বিশেষ ছাড়ের সুবিধা। কম্পিউটার সিটিজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, সহসভাপতি নাজমুল আলম, মিডিয়া কমিটির আহ্বায়ক এ কে এম মাহমুদুল হাসান, পৃষ্ঠপোষক প্রতিনিধিসহ সিটি কমিটির অনেকে। মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির। সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় স্থায়ী ১৫৭টি প্রতিষ্ঠান ছাড়াও ৩০টি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করবে। বিশেষ মূল্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে পৌঁছানোর পাশাপাশি এবারই প্রথম পুরো মেলা প্রাঙ্গণ থাকছে তারহীন উচ্চগতির ইন্টারনেট ওয়াইম্যাক্সের আওতায়। মেলার দর্শকেরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। মেলা উপলক্ষে পুরো সিটিআইটি প্রাঙ্গণ সাজানোর পাশাপাশি থাকছে গেম প্রতিযোগিতা, ডিজিটাল ছবি তোলার প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। পাশাপাশি মেলার মূল মঞ্চে প্রতিদিন থাকছে গুণীজন সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠান। কম্পিউটার সিটির তৃতীয়তলার খোলা জায়গায় (টেরেসে) থাকছে সফটওয়্যার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী। মেলার টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের টিকিট নিয়ে মেলার শেষ দিন রয়েছে র্যাফল ড্র এবং পুরস্কার হিসেবে থাকছে গাড়ি, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলার পৃষ্ঠপোষক আসুস, বেলকিন, ব্রাদার্স, টুইনমস ও ভিউসনিক। —নুরুন্নবী হাছিব