আগামীকাল বিসিএসের নির্বাচন
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১২-১৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হচ্ছে কাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে বলে জানালেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। তিনি জানান, এবারের নির্বাচনে নির্বাহী কমিটির সাতটি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৬৮৯। এর মধ্যে ঢাকার বাইরে বিসিএসের সাতটি চ্যাপ্টারে ভোটার আছেন ১২৫ জন। তাঁদেরও ঢাকায় এসে ভোট দিতে হবে। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন স্বদেশ রঞ্জন সাহা। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আছেন খন্দকার আতিক-ই-রব্বানী এবং এ এইচ এম মাহফুজুল আরিফ। এ ছাড়া মো. আক্তারুজ্জামানকে চেয়ারম্যান এবং এস কবির আহমেদ ও মো. কামরুল ইসলামকে সদস্য করে আপিল বোর্ড গঠিত হয়েছে।আগামীকালের নির্বাচনে ভোটাররা নির্বাহী কমিটির সাতজন সদস্য নির্বাচন করবেন। নির্বাচিত সদস্যদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হবে ১৭ ডিসেম্বর। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন: মোস্তাফা জব্বার, এ টি শফিক উদ্দিন আহমেদ, মো. ফয়েজউল্যাহ খান, মোহাম্মদ মইনুল ইসলাম, মজিবুর রহমান, বি এম ইনাম, কাজী শামসুদ্দিন আহমেদ, মো. শাহিদ-উল-মুনীর, আক্তার হোসেন খান, মো. জাবেদুর রহমান, নাজমুল আলম ভূঁইয়া, মজহার ইমাম চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, এস এম ওয়াহিদুজ্জামান এবং আবদুল মমিন খান। বিসিএসের কয়েকটি নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে প্রাণচাঞ্চল্য বেশি দেখা যাচ্ছে। ঢাকার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার থাকায় প্রার্থীদের ঢাকার বাইরেও ঘুরতে হয়েছে। প্রকাশ্য কোনো প্যানেল এবারের নির্বাচনে ঘোষণা করেননি কেউই। তবে অলিখিতভাবে জোটবদ্ধ হয়ে ভোট চাওয়ার প্রবণতাও আছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কমিটি নির্বাচনের ব্যাপারে এবারের ব্যবসার উন্নয়নের বিষয়টি সবাই বিবেচনা করছেন। বিশেষ করে, কম্পিউটার ব্যবসাকে লাভজনক করার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে চান বেশির ভাগ ভোটার। অনেক ব্যবসায়ীই চান সুস্থ প্রতিযোগিতা, আমদানিকারক, পরিবেশক, পুনর্বিক্রেতা আর খুচরা বিক্রেতার মধ্যে সুষ্ঠু সমন্বয়। ভোটারদের মধ্যে বড় একটি অংশ এবার চাইছেন না কোনো এলাকা বা অঞ্চলভিত্তিক ভোট পড়ুক নির্বাচনে। নতুন নেতৃত্ব এবং বিসিএসের কার্যক্রমের ধারায় আমূল পরিবর্তন চাইছেন অনেকে। যাঁরা সত্যিকার অর্থে প্রযুক্তির প্রসারে ভূমিকা রাখছেন, তাঁরাই যেন বিসিএসের নেতৃত্ব দেন, এটা অনেকেরই প্রত্যাশা। —নিজস্ব প্রতিবেদক