আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব সাইবার গেমসের বাছাইপর্ব
আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দেশের বড় সাইবার গেম প্রতিযোগিতা। ‘জাতীয় সাইবার গেম চ্যাম্পিয়নশিপ-২০১০’ শিরোনামের জাতীয় পর্যায়ের এ আয়োজন অনুষ্ঠিত হবে উত্তরার স্কলাস্টিকা স্কুলের এসটিএম হলে। প্রতিযোগিতা চলবে ৮ আগস্ট পর্যন্ত।এবারের প্রতিযোগিতায় থাকছে ফিফা ১০, এনএফএস মোস্ট ওয়ান্টেড, কাউন্টার স্ট্রাইক ও কল অব ডিউটি। বিশ্ব সাইবার গেমসের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইরফান হুসেন গতকাল প্রথম আলোকে জানান, জাতীয়ভাবে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ফিফা ১০ গেমসে ৮০০ জন, এনএফএস মোস্ট ওয়ান্টেড গেমসে ২৫০, কাউন্টার স্ট্রাইক গেমসে ১৬ এবং কল অব ডিউটি গেমসে ১৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার সেরা গেমাররা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত বিশ্ব সাইবার গেমসে অংশ নেবেন।এ ছাড়া প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকছে এক হাজার ইউএস ডলার এবং ঢাকা-লস অ্যাঞ্জেলেস-ঢাকা বিমান টিকিট পুরস্কার। প্রতিযোগিতার মূল সহযোগী স্যামসাং, অফিশিয়াল সহযোগী মোজো, প্রিমিয়ার সহযোগী ইনটেল ও রাজের, সাপোর্টিং সহযোগী হিসেবে রয়েছে কিউবি, গিগাবাইট ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিস্তারিত জানা যাবে www.wcg.com.bd ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী