আগামীকাল শেষ হচ্ছে এলিফ্যান্ট রোডের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিফ্যান্ড রোডের কম্পিউটার ডিজিটাল আইসিটি মেলা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শেষ দিকে এসে মেলা জমে উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ক্রয়ে মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ অফার ঘোষণা করেছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান আকর্ষণীয় উপহারসহ ১২ হাজার টাকায় মিলছে ডেস্কটপ কম্পিউটার। বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকায়। ক্রেতাদের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় অত্যাধুনিক মডেলের ডিজিটাল ক্যামেরা, নতুন প্রযুক্তির এলসিডি মনিটর, প্রিন্টার, স্ক্যানার, টিভিকার্ড, ইউপিএসসহ প্রায় সব পণ্য ক্রয়ে ছাড় ও বিশেষ উপহার দেওয়া হচ্ছে। এ ছাড়া নতুন আসা গেমিং সিডি, ডিভিডির বিক্রিও ভালো হচ্ছে বলে জানা গেছে। মেলার মিডিয়া উপকমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘মেলায় ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শক যা আশা করেছিল, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি ইতিমধ্যে।’ মেলায় অংশ নেওয়া গ্রিন ভেলি সিস্টেমের স্বত্বাধিকারী মাকসুদুর রহমান বলেন, ‘মেলা শুরু হওয়ার আগে যা আশা করেছি তার চেয়ে বেশি সাড়া পেয়েছি। আশা করি শেষ দুই দিন বিক্রি আরও বৃদ্ধি পাবে।’ মেলার ক্যামেরা কিনতে আসা নর্থ সাউথ ইউনিভার্সিটির ফরহাত বিন সালমান বলেন, মেলা সব সময়ই ভালো লাগে। আর প্রযুক্তি মেলা হলে তো কথাই নেই। মেলা বিভিন্ন প্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচয় হওয়া যায়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আরও বেশি প্রযুক্তি মেলার আয়োজন করা উচিত। মেলায় কিউবির সৌজন্যে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে কুইজ প্রতিযোগিতা ও প্রবেশ টিকিটের ওপর প্রতি ৫ ঘণ্টা পরপর র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। কিউবির ওয়াইম্যাক্স প্রযুক্তির সহায়তায় ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে দর্শনার্থীদের। এ ছাড়া পুরো মেলা প্রাঙ্গণ ওয়াইফাই জোন করা হয়েছে, যাতে মেলায় আসা দর্শক ও অংশগ্রহণকারীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। মেলার শেষ দিনও খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা, তবে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। —তারিকুর রহমান খান