আগামীকাল শেষ হচ্ছে সিটিআইটি মেলা

আগামীকাল শনিবার শেষ হয়ে যাচ্ছে বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১৪। মেলা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি।
বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙিনায় চলছে এ প্রদর্শনী। এ মেলায় তথ্যপ্রযুক্তির পরিচিত ব্র্যান্ডের কম্পিউটার সামগ্রীর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আজ শুক্রবার গেম প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গিগাবাইট আয়োজিত এ প্রতিযোগিতায় নিড ফর স্পিড, ফিফা-১৪, কাউন্টার স্ট্রাইক ও কল অফ ডিউটি গেমে প্রায় ৭১২ জন গেমার অংশ নেন। পাশাপাশি মেলার চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। এছাড়া স্যামসাং ফটো কনটেস্ট বিজয়ীও ঘোষণা করা হয়েছে।
মেলা শেষে ড্র এর মাধ্যমে তিনজন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন সিঙ্গাপুর, মালয়শিয়া ও নেপাল টিকেট। মেলা শেষের মেগা পুরস্কার পেতে আগত দর্শকদের টিকেট সংরক্ষনের অনুরোধ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় এবং উপহার। এ ছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: প্রযুক্তি মেলায় ছাড়ের ছড়াছড়ি http://goo.gl/7iVaIz