আগুনের বিরুদ্ধে কার্যকর রোবট তৈরি করেছে বাংলাদেশের তিন তরুণ—শুদ্ধ চৌধুরী, শুভ পাল ও ইশতিয়াক ইসলাম। রোবট প্রযুক্তি কাজে লাগিয়ে আগুন নেভানোর নতুন ধারণা নিয়ে তাঁদের তৈরি প্রকল্পটি ইতিমধ্যে জাপানের একটি সম্মেলনে খ্যাতিমান বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করা হয়েছে। এ ব্যাপারে দলের সদস্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবিএ) শিক্ষার্থী শুদ্ধ চৌধুরী গতকালবুধবার প্রথম আলোকে জানান, ২০১০ সালে পুরান ঢাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহত হয় অনেকে। তখন থেকেই চিন্তাভাবনার শুরু যে, কীভাবে এমন এক প্রযুক্তি উদ্ভাবনের করা যায়, যা এ ধরনের অসতর্কভাবে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করবে। আর সে চিন্তা থেকে তৈরি হয় ‘ফায়ার ফাইটিং রোবট’ উদ্ভাবনের চিন্তা। এ বিষয়টি নিয়ে তাঁরা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছেন। পরবর্তী সময়ে ১৯-২১ জানুয়ারি জাপানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন আর্টিফিশিয়াল লাইফ অ্যান্ড রোবটিক্স’ শীর্ষক সম্মেলনে নিজেদের পেপার উপস্থাপন করেন নির্মাতারা। পেপারের শিরোনাম ছিল, ‘এ ডিজাইন অব এ কস্ট ইফেকটিভ ফায়ার ফাইটিং রোবট অ্যান্ড ইউজিং ইন্টেলিজেন্ট সিস্টেম।’ এর পাশাপাশি নির্মাতারা তাঁদের শেষ বর্ষের প্রকল্প হিসেবে এ কাজটি জমা দিয়েছেন। —নিজস্ব প্রতিবেদক