আগ্নেয়গিরিতে নামবেন স্যার রিচার্ড ব্র্যানসন!
১ এপ্রিলে মানুষকে বোকা বানানোর প্রথা চালু রয়েছে দীর্ঘদিন ধরেই। স্যার রিচার্ড ব্র্যানসন ১ এপ্রিল এমন একটি তথ্য দিয়েছেন, যা আসলেই মজা করার জন্য নাকি তার সত্যতা কিছু আছে, তা নিয়ে প্রযুক্তির বিশ্বজুড়ে শোরগোল তৈরি হয়েছে। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, জুল ভার্নের লেখা উপন্যাস ‘জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ’-এর কাহিনিকে এবার হয়তো বাস্তব করতে পারেন ভার্জিনের প্রধান নির্বাহী স্যার রিচার্ড ব্র্যানসন। অন্তত ১ এপ্রিল সে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগ্নেয়গিরির ভেতরে নেমে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর পরিকল্পনা করছেন তিনি। আর এ অভিযান চালাতে তৈরি করছেন নতুন একটি যান। ককস্ক্র আদলের যানটি তৈরি করা হয়েছে পেটেন্ট করা ‘কার্বন-কার্বন’ নামের উপাদান থেকে।এ যানটির নাম ‘ভার্জিন ভলকানিক।’ ১ এপ্রিল থেকে ভার্জিন ভলকানিক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলেই জানিয়েছেন তিনি। এ প্রোগ্রামের মাধ্যমে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে নেমে পড়বেন ব্র্যানসনসহ তাঁর চার সহযোগী টম হ্যাংকস, সেথ গ্রিন, উইলিয়াম, বারবারা কাপল। এ উপলক্ষে একটি ওয়েবসাইটও উদ্বোধন করেছেন তিনি।‘ভার্জিন ভলকানিক’ নামের ওয়েবসাইট অনুসারে, ভার্জিন ভলকানিক নামের এই যান পাঁচজনকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে দেবে। পৃথিবীর কেন্দ্রে পৌঁছে দিতে সক্রিয় আগ্নেয়গিরির মধ্য দিয়ে পথ পাড়ি দেবেন তাঁরা। আর এ যাত্রায় বেছে নিতে পারেন ইটনা, স্ট্রোম্বলি, ইয়াসুর, আমব্রিয়াম ও টিনাকুলা আগ্নেয়গিরির যেকোনো একটি পথ। ধারণা করা হয়, এই আগ্নেয়গিরির যেকোনো একটির মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো সম্ভব।এখন পর্যন্ত পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে পারেননি কেউ। গবেষকেরা ধারণা করেন, পৃথিবীর কেন্দ্র তৈরি হয়েছে গলিত লোহা আর নিকেলের সমন্বয়ে। অনেকেই আবার ধারণা করেন, পৃথিবীর কেন্দ্রে রয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। ব্র্যানসন এ প্রসঙ্গে বলেছেন, ছোটবেলায় জুলভার্নের লেখা উপন্যাস পড়ার পর থেকেই তাঁর লাভার মধ্যে নামার শখ ছিল। তাই তিনি রোমাঞ্চকর এ অভিযানে যেতে চান।এদিকে অ্যাভাটার পরিচালক জেমস ক্যামেরন সম্প্রতি সমুদ্রের গভীরতম স্থানে কাটিয়ে এসেছেন। তাই স্যার ব্র্যানসন ১ এপ্রিলে এ রকম একটি বিষয়ে খবর প্রচার করার পর সবাই বিষয়টিকে সত্যি ভাবছেন। তবে, সত্যি সত্যি ব্র্যানসন তাঁর পরিকল্পনা করছেন, নাকি পয়লা এপ্রিলে তিনি মানুষকে বোকা বানাতে চাচ্ছেন, সেই তথ্য উদঘাটনে মরিয়া এখন উত্সাহীরা।