আগ্রহের কেন্দ্রে ট্যাবলেট কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) গত রোববার শেষ হয়েছে। চার দিনের এ প্রদর্শনীতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ট্যাবলেট কম্পিউটার ও গাড়িসহ অত্যাধনিক সব যন্ত্র। নতুন নতুন স্মার্টফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগসংবলিত থ্রি-ডি টেলিভিশনের দিকে চোখ ছিল সবার। অনেক কোম্পানি বিশেষ করে এশিয়ার দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান এসব ল্যাপটপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রদর্শনীতে এনেছে। সবগুলোই ছিল আকারে ছোট ও হালকা কিন্তু খুবই শক্তিশালী। আয়োজকেরা জানান, প্রদর্শনীতে শত শত ট্যাবলেট কম্পিউটারের প্রদর্শনী হয়েছে। বিক্রিও হয়েছে প্রচুর। প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি জগতের প্রভাবশালী প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলের কোনো পণ্য আসেনি। তবে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডরয়েড-সংবলিত বহু ট্যাবলেট পিসি প্রদর্শনীতে স্থান পেয়েছে। কোরিয়াভিত্তিক এলজি ও জেনারেল ইলেকট্রিক প্রচুর পণ্য মেলায় এনেছে। জেনারেল ইলেকট্রিক এনেছে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার এবং কম্পিউটার চিপ দিয়ে প্রস্তুত নানা নতুন নতুন যন্ত্র। তবে চেয়ে থাকার মতো যে জিনিসটি মেলায় এসেছিল, তা হচ্ছে টেলিভিশন। অনেক নতুন কোম্পানির হরেক রকম ডিজাইনের টেলিভিশন দর্শকদের চোখকে টেনে রেখেছে প্রায় গোটা সময়। গাড়ি তৈরির বিখ্যাত প্রতিষ্ঠান ফোর্ড প্রদর্শন করেছে এমন একটি গাড়ি, যা বিদ্যুতে চলবে। এক লাখ ৪০ হাজারেরও বেশি দর্শনার্থী প্রদর্শনীতে গেছে। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ২৬ হাজার। কনজিউমার ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন (সিইএ) এই প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান