
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অটল থাকতে পারে এমন ভবন তৈরির জন্য প্রকৌশলীরা যুগ যুগ ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। পাশাপাশি আঘাতের তীব্রতাও হয় প্রচণ্ড। প্রকৌশলীরা ভূমিকম্প মোকাবিলায় সাধারণত ভারী ও শক্তিশালী স্থাপনা নির্মাণ করে থাকেন। ঘণ্টায় ৫০ মাইল বেগের ঝড় এবং রিখটার স্কেলে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পের কথা মাথায় রেখে তাঁরা ভবন নির্মাণের নকশা তৈরি করেন।আধুনিক নির্মাণ প্রকৌশলবিদেরা বিষয়টি নিয়ে গবেষণা করছেন। সম্ভাব্য আঘাতের পরিমাণ জানতে পারলে তার বিরুদ্ধে অটল থাকার উপযোগী স্থাপনার নকশা তৈরিতে সুবিধা হয়। প্রকৌশলীরা দেখতে পান বড় আঘাত মোকাবিলায় তুলনামূলক হালকা স্থাপনার সামর্থ্য বেশি হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির কাঠামোগত প্রকৌশল ও কৃত্রিম ভূমিকম্পকেন্দ্রের গবেষকেরা একটি কার্যকর নির্মাণনকশা তৈরির চেষ্টা করেছেন। এতে ব্যবহার করা হয়েছে শীতল অবস্থায় নির্দিষ্ট আকৃতি দেওয়া ইস্পাত এবং হালকা পাত। তারপর সেগুলোকে ভাঁজ করে কাঙ্ক্ষিত স্তম্ভ তৈরি করা হয়। এ ক্ষেত্রে নির্মাণবিধি মেনে চলা হয়েছে। এ ধরনের ইস্পাত ব্যবহার করে বাড়িঘর, হাসপাতাল থেকে শুরু করে সুউচ্চ ভবন পর্যন্ত তৈরি করা সম্ভব বলে গবেষকেরা দাবি করছেন।ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাই সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সম্ভবত নির্মাণব্যয়। তাই একই সঙ্গে সাশ্রয়ী ও নিরাপদ ভবন তৈরিই প্রকৌশলীদের লক্ষ্য থাকে। ওই আকৃতির ইস্পাত এবং হালকা পাতে তৈরি ভবনের বাস্তব কার্যকারিতা পরীক্ষার জন্য আরেকটি ভূমিকম্পের অপেক্ষা করতে হয়। তাই মার্কিন গবেষকেরা কৃত্রিম ভূমিকম্প তৈরি করে ওই ভবন প্রচণ্ড ভূমিকম্পের সমপরিমাণ আঘাত বা বল প্রয়োগ করে ঝাঁকানোর ব্যবস্থা করেন। তাঁরা আনন্দের সঙ্গে লক্ষ করেন, ভবনটি টিকে থাকতে সমর্থ হয়। এমনকি আঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দেওয়ার পরও ভবনটি কেবল আংশিক ভেঙে পড়ে।
এই ভবনের নকশায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভূমিকম্পকালে ভেতরের লোকজন নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। এখন ভবনটির নকশায় আরও বাস্তবমুখী ও কার্যকর পরিবর্তন আনার চেষ্টা চলছে। লাইভসায়েন্স।