
অনেকেই জানেন, নিজেদের নিয়ে রুশদের মতো খুব কম জাতিই পারে হাসাহাসি করতে। আদি রস আর রাজনীতি নিয়ে তাদের তীক্ষ্ণ কৌতুক আছে, যার বেশির ভাগই অনুবাদযোগ্য নয়। আজ আমরা একেবারেই ভিন্ন বিষয় নিয়ে কথা বলব। সোভিয়েত যুগের পতনের পর হঠাৎ করেই অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেল। প্রতিটি শহরেই গজিয়ে উঠল কোটিপতি। রসিক রুশ জনগণ কি নব্য ধনীদের ছেড়ে দেবে? কখনোই না। জনগণ এই নতুন কোটিপতিদের নাম দিল নব্য রুশ। আসুন, আজ নব্য রুশদের নিয়ে কিছু কৌতুককর সময় কাটাই।
* যদি কেউ ‘ল্যান্ড ক্রুজার’ কিনে ফেলে হঠাৎ করে, তাহলে ভেবো না যে সে নব্য রুশ। গাড়িটি কেনার জন্য হয়তো তাকে দীঈঈঈর্ঘ তিন মাস ধরে টাকা জমাতে হয়েছে!
* দুই নব্য রুশ বসে আছে। গভীর রাত। প্রথমজন বলল, ‘খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। কিন্তু এই রাতে তো সব দোকানই বন্ধ!’
দ্বিতীয়জন টেলিফোনে অজানা একটা নম্বরে কল করেই বলা শুরু করল, ‘হ্যালো, আমার অর্ডারটা নিন। দুজন খেতে পারে এমন একটা পিৎজা পাঠিয়ে দিন!’
গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ায় ক্রুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল অন্য পাশ থেকে, ‘কিসের পিৎজা! ফাজলামি করো? গাধা! ভোর ছয়টায় আমাকে কাজে যেতে হবে, আর কোথাকার কোন আহাম্মক আমাকে ঘুমাতে দিচ্ছে না!’
ভদ্রলোকের কথায় কান না দিয়ে নব্য রুশ নিজের ঠিকানা বলে যোগ করল, ‘পিৎজা এনে হাজির করলে ২০ হাজার ডলার পাবে।’ তারপর ফোন নামিয়ে রাখল।
প্রথম নব্য রুশ অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘তোমার কী মনে হয়, পিৎজা নিয়ে আসবে?’
দ্বিতীয়জন বলল, ‘পিৎজা আসবে না, আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি!’
* তিনজন নব্য রুশ তাদের সন্তানদের নিয়ে কথা বলছে। প্রত্যেকেই তাদের ছেলেদের নিয়ে রোমাঞ্চিত। প্রথম জন বলল, ‘আমার ছেলেটা আবাসন ব্যবসায় পেকে গেছে। আমার মতোই হয়েছে। ব্যবসা ভালোই চলছে। কিছুদিন আগে ও নিজের এক বন্ধুকে প্যারিসে একটা বাড়ি উপহার দিয়েছে।’
দ্বিতীয় জন বলল, ‘আমার ছেলেটাও দারুণ! নতুন নতুন গাড়ির দোকান দিয়েছে। দামি গাড়ি বিক্রি করছে। ব্যবসা এত ভালো চলছে যে সে তার এক বন্ধুকে একটা ফেরারি গাড়ি উপহার দিয়েছে!’
তৃতীয় জন বলল, ‘আমার ছেলে একটা ব্যাংক খুলেছে। খুব ভালো চলছে ব্যাংকটা। এতই ভালো চলছে যে সে বিনা সুদে নিজের এক বন্ধুকে ৩০০ কোটি টাকা ঋণ দিয়েছে!’
এ সময় চতুর্থ নব্য রুশের আগমন। এসেই জিজ্ঞেস করল, ‘কী নিয়ে কথা বলছ তোমরা?’
তিনজন সমস্বরে বলে উঠল, ‘আমাদের সন্তানদের নিয়ে।’
চতুর্থ জন বলল, ‘কী আর বলব! কঠোর পরিশ্রমী আমার ছেলে! কিন্তু কী যে করে, তা আমি জানি না। এরই মধ্যে ও প্যারিসে একটা ফ্ল্যাট করেছে, একটা ফেরারি গাড়ি কিনেছে, বিনা সুদে ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে। দারুণ এক ছেলে আমার!’
* এক নব্য রুশ জিপ গাড়িতে করে চলেছে। পথে দেখে, দুই কৃষক এক নব্য রুশকে দুদিক থেকে ধরে নিয়ে চলেছে।
নব্য রুশ গাড়ি থামিয়ে বলছে, ‘এই চাষা! কী হয়েছে রে?’
একজন কৃষক বলল, ‘কী আর বলব! এই লোকের মার্সিডিজ গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই ওকে হাঁটা শেখাচ্ছি।’
* স্থানীয় পত্রিকা অফিসে হাজির হলেন একজন নব্য রুশ। এসেই সম্পাদককে বললেন, ‘আমি আপনার পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপতে দিয়েছিলাম। আমার একটা কুকুর হারিয়ে গেছে। আমার প্রিয় কুকুরটিকে কেউ খুঁজে দিলে তাঁকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। কই, দুদিন হয়ে গেল, আমার বিজ্ঞাপনটা তো আর ছাপা হলো না!’
গম্ভীর সম্পাদক বললেন, ‘কে ছাপবে? আমি ছাড়া পত্রিকার সবাই তো দুদিন ধরে আপনার কুকুরটাই খুঁজছে!’
* দাঁতের ডাক্তারের কাছে এসেছে এক নব্য রুশ। ডাক্তার অনেকক্ষণ ধরে দাঁত, মাড়িসহ মুখের সবকিছু পরীক্ষা করছেন। হঠাৎ দাঁড়িয়ে গেলেন ডাক্তার, নিজের মাথা চেপে ধরে এদিক-ওদিক দৌড়াতে থাকলেন। তারপর চেঁচিয়ে বলতে থাকলেন, ‘হতেই পারে না! এটা হতেই পারে না!’
একটু ভয়ার্ত কণ্ঠে নব্য রুশ বলল, ‘ডাক্তার, কী হয়েছে? আপনি এমন করছেন কেন?’
ডাক্তার বললেন, ‘যা ঘটেছে, ওষুধ দিয়ে তা নিবারণ করা যাবে না! কে জানত এ রকম হবে!’
ম্লান মুখে নব্য রুশ বলল, ‘ডাক্তার, যা-ই হোক না কেন, সত্যটা আমাকে বলুন! হোক তা সবচেয়ে খারাপ খবর। আমি সহ্য করতে পারব।’
ডাক্তার বললেন, ‘ঠিক আছে, শুনতে চান যখন শুনুন। আপনার এত টাকা কিন্তু আপনার একটা দাঁতও খারাপ হয়নি! আমার ভাগ্য খারাপ!’
* সোনার মাছ পেল তিন নব্য রুশ। মাছ বলল, ‘প্রত্যেকেই একটি করে ইচ্ছার কথা বলো, আমি পূরণ করব!’
প্রথম জন বলল, ‘আমি গাড়ি চালালেই ট্রাফিক আইন ভঙ্গ করি। তখন ট্রাফিক পুলিশ আমাকে থামায়। কিন্তু আমার কাছে ছোট নোট থাকে না। ঘুষ দেওয়ার জন্য আমাকে ছোট নোটের ব্যবস্থা করে দাও।’
মাছ বলল, ‘তথাস্তু। তোমার মানিব্যাগে এখন থেকে সব সময় খুচরো ৫০ ডলারের নোট থাকবে।’
দ্বিতীয় নব্য রুশ বলল, ‘তেলাপোকা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে।’
মাছ বলল, ‘ঠিক আছে, আমি তোমাকে একটা ছোট তেলাপোকা দিচ্ছি। এই তেলাপোকাটা সব তেলাপোকা খেয়ে ফেলবে, তারপর নিজেও মরে যাবে।’
তৃতীয় জন বলল, ‘আমার বাড়িতে খুব ইঁদুরের উপদ্রব!’
‘কোনো ব্যাপার নয়।’ বলল মাছ। ‘এই নাও ছোট একটা ইঁদুর। এই ইঁদুরটা সব ইঁদুর খেয়ে ফেলবে এবং তারপর নিজেও মরে যাবে।’
সব শুনে প্রথম নব্য রুশ মাছের কাছে এসে বলল, ‘মাছ মাছ, দয়া করে আমাকে একটা ছোট ট্রাফিক পুলিশ দাও!’
* একজন নব্য রুশ দুহাত খুলে দরিদ্র মানুষদের সাহায্য করত, কিন্তু বিজ্ঞানীদের জন্য এক পয়সাও খরচ করত না।
তাকে একজন জিজ্ঞেস করল, ‘এটা আপনি কেন করেন?’
নব্য রুশ বলল, ‘কে জানে! আমি হয়তো কোনো দিন গরিব হয়ে যেতে পারি। কিন্তু আর যা-ই হোক বিজ্ঞানী হতে পারব না!’
* রুশ দেশে মূলত তাজিকিস্তানের লোকজনই বাড়ি মেরামতের কাজগুলো করে থাকে।
দুই নব্য রুশের দেখা। প্রথম জন বলল, ‘তোমার বাড়ি মেরামতের কাজ কারা করে?’
দ্বিতীয় জনের উত্তর, ‘কেন, তাজিকরা। তোমার?’
‘আমার বাড়ি মেরামতের কাজ করে সুইজারল্যান্ডের লোকেরা।’
দ্বিতীয় জন অবাক হয়, ‘কিন্তু কেন তাজিকদের দিয়ে মেরামতের কাজ করাও না?’
প্রথম জন, ‘তাজিকদের সুইজারল্যান্ডে নিয়ে যাওয়ার খরচ তো অনেক!’
* নব্য রুশ তার বন্ধুকে বলছে, ‘ভাবতে পারিস, আমি প্রেমে পড়েছি! মেয়েটির বয়স ২৫। আমার বয়স ৬৫ হলে কী হবে, আমি তো খুব বড় লোক! কী করি বল তো! আমি কি বয়স কমিয়ে ৫৫ বলব? তাহলে কি মেয়েটা আমাকে ভালোবাসবে?’
বন্ধু বলল, ‘তোমার ভাগ্যে শিকে ছিঁড়বে যদি তুমি তোমার বয়স বাড়িয়ে ৮৫ বলো!’