আজ ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকেলে হবে এ আয়োজন। শিক্ষার্থীদের নানা ধরনের অ্যাপসের মধ্যে বিচারকদের রায়ে ধাপে ধাপে নির্বাচিত হয়েছে শীর্ষ দশ দল। এখান থেকেই শীর্ষ অ্যাপের ফলাফল ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা অ্যাপ নির্মাতারা পাবেন ১০, ৫ ও ২ লাখ টাকা পুরস্কার। শীর্ষ দশে থাকা অন্য দলগুলো পাবে একটি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। জমা পড়া ধারণাপত্রগুলোর মধ্যে সেরা ধারণার জন্য রয়েছে এক লাখ টাকা পুরস্কার। এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজক।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপের মধ্যে ছিল ধারণাপত্র জমা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন, বুটক্যাম্প, ধারণা উপস্থাপনা, গ্রুমিং, প্রযুক্তিগত মূল্যায়ন, অ্যাপ তৈরি, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এবং অন্য দলের পর্যালোচনা সংগ্রহ ও চূড়ান্ত উপস্থাপনা। এই প্রতিযোগিতায় সারা দেশের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজন করা হয়। এবারে জমা পড়েছিল ৭৫০-এর বেশি অ্যাপ।
অ্যাপস প্রতিযোগিতার তৃতীয়বারের এই আয়োজন নিয়ে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে এটি দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এবারে ভালো মানের অনেক মোবাইল অ্যাপ আমরা পেয়েছি। ধারণা থেকে শুরু করে পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করতে হয় এ প্রতিযোগিতায়। এটাই এ আয়োজনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।’
এই প্রতিযোগিতার কৌশলগত অংশীদার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এক্সক্লুসিভ টেলিযোগাযোগ অংশীদার গ্রামীণফোন, গণমাধ্যম অংশীদার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও।