আজ আসছে অনলাইন টিভিগাইড
ইন্টারনেটে আজ থেকে চালু হচ্ছে সাতদিন ডটকম (www.shatdin.com)। এই ওয়েবসাইটে বাংলাদেশের সব টিভি চ্যানেলের অনুষ্ঠানের সময়সূচি জানা যাবে। বাংলাদেশি চ্যানেলের পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফিক, জিটিভি, নিও স্পোর্টস, ডিসকভারি, ইটিভি, স্টার জলসাসহ সব ধরনের বিদেশি চ্যানেলের অনুষ্ঠানের সময়সূচিও পাওয়া যাবে সাইটটিতে। সাতদিন ডটকমের প্রধান নির্বাহী আহমেদ হাসান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে ও দেশের বাইরে বাংলাদেশি চ্যানেলগুলোর প্রচুর দর্শক রয়েছে। সংবাদপত্রে প্রতিদিনের অনুষ্ঠানের সময়সূচি থাকলেও একই সঙ্গে দুই-তিন দিনের টিভি অনুষ্ঠানের সময়সূচি সেখানে থাকে না। অনেক সময় দেখা যায়, পছন্দের অনুষ্ঠানের সময় ভুলে যান অনেকেই। এ সমস্যা থেকে মুক্তি পেতে বিনা মূল্যে নিবন্ধন করার পর একটি সুবিধা আছে, সেখানে আপনি যদি লিখে রাখেন কবে পছন্দের অনুষ্ঠান, নাটক, সিনেমা বা টক শো হবে, তার ১২ ঘণ্টা আগেই আপনার ই-মেইল ঠিকানায় অনুষ্ঠানসূচি স্মরণ করিয়ে দেওয়া হবে।’ঈদ সামনে রেখে চালু হওয়া সাইটটি মূলত একটি সাজানো ও পরিকল্পিত অনুষ্ঠান সময়সূচির একটি নির্দেশিকা। ঈদের বিভিন্ন আয়োজনের খবরের পাশাপাশি কোন অনুষ্ঠান কখন পুনঃপ্রচার হবে, সেটিও জানা যাবে সাইটটি থেকে। ঈদের পর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্রের কাহিনির সারসংক্ষেপ দেওয়া থাকবে এ সাইটে। —তৌহিদা শিরোপা