আজ আসছে বিজয় ৭১ প্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় ৭১ প্রো
বিজয় ৭১ প্রো

আজ মহান বিজয় দিবসে ছাড়া হচ্ছে জনপ্রিয় বাংলা সফটওয়্যার বিজয়ের নতুন সংস্করণ বিজয় ৭১ প্রফেশনাল। এদিকে আজই ২৫ বছর পূর্ণ হচ্ছে বিজয় সফটওয়্যারের। বিজয়ের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। নতুন সফটওয়্যারটির মুক্তির দিন হিসেবে ১৬ ডিসেম্বর বেছে নিই।’
বিজয়ের পূর্ববর্তী সংস্করণ দিয়ে উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেমে ঠিকভাবে বাংলা লেখা যেত না। বিজয় ৭১ প্রো দিয়ে সব ধরনের উইন্ডোজ যেমন উইন্ডোজ ৭, ৮ এবং ৩২ ও ৬৪ বিটের জন্য কোনো সমস্যা ছাড়াই বাংলায় লেখা যাবে।
মোস্তাফা জব্বার জানান, বিজয় ৭১ প্রফেশনালে আরও রয়েছে ১০০টি নতুন বাংলা ফন্ট। বিজয় ৭১ প্রফেশনাল দিয়ে ফটোশপ ও গ্রাফিকসের অন্যান্য সফটওয়্যারে বাংলা লেখা যাবে। এটি দিয়ে সরাসরি ওয়েবেও লেখা যাবে। বিজয় ৭১ প্রো আজ থেকে বাজারে পাওয়া যাবে। এর দাম হবে পাঁচ হাজার টাকা।আর বিজয় ৭১ কেনা যাবে তিন হাজার টাকায়।
২৫ বছর আগে ১৯৮৮ সালে বাংলায় লেখালেখি করার জন্য এই বিজয় সফটওয়্যারটি বাজারে ছাড়া হয়। প্রথমে এটি অ্যাপল কম্পিউটারের জন্য থাকলেও পরে এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যও বাজারে ছাড়া হয়। —তন্ময় দেবনাথ