আজ এসিএম আইসিপিসির ঢাকা পর্ব

বিশ্বের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্ব আজ অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে সকাল থেকে চলবে এ প্রতিযোগিতা।
মূল প্রতিযোগিতা আজ হলেও এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ নজর দেওয়া উচিত। দেশ যত প্রযুক্তি নিয়ে কাজ করবে, ততই এগিয়ে যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তির ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
বিইউবিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবছর প্রযুক্তি নিয়ে বিভিন্ন আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটওয়ারী। সভাপতিত্ব করেন বিইউবিটির মুহাম্মদ আবু সালেহ। উদ্বোধনী অনুষ্ঠানে এসিএম আইসিপিসি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রতিযোগিতা শেষে আজ বিকেলে ফলাফল ঘোষণা করা হবে। —