আজ কম্পিউটার সমিতির নির্বাচন
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন আজ শনিবার। এ নির্বাচনের মাধ্যমে ২০১৪-১৫ মেয়াদের জন্য বিসিএসের কমিটি গঠন করা হবে। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় তলায় সেমিনারকক্ষে ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাতটি পদের প্রার্থী আছেন ১৩ জন। এর মধ্যে এ এইচ এম মাহফুজুল আরিফের নেতৃত্বে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস প্যানেলভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। প্যানেলের অন্য সদস্যরা হলেন মজিবুর রহমান, শফিক উদ্দীন আহমেদ, ইউসুফ আলী শামীম, নজরুল ইসলাম, কাজী শামছুদ্দীন আহমেদ এবং আলী আশফাক। নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মঈনুল ইসলাম, সঞ্জয় কুমার সাহা, এস এম ওয়াহিদুজ্জামান, সুব্রত সরকার, নাজমুল আলম ভূইয়া এবং আবদুল মোমিন খান।
প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীই উন্নত ব্যবসা, শক্তিশালী বিসিএস গড়ার কথা বলেছেন। বেটার বিজনেস প্যানেল ইতিবাচক মনোভাব নিয়ে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার কথা বলেছে। পাশাপাশি বিসিএসকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার করেছে তারা। একক প্রার্থীরাও চান শক্তিশালী বিসিএস।
এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৭৩৪ জন। আটটি শাখা কমিটির (খুলনা, সিলেট, ময়মনসিংহ, যশোর, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লা) মধ্যে শুধু যশোর শাখা কমিটির নির্বাচন হবে আজ। এ নির্বাচনে প্রার্থী ১১ জন, ভোটার ২০ জন।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। আশা করছি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।’ তিনি সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ভোট গ্রহণের পরই গণনা শুরু হবে। এরপর আজই নির্বাচিত সাতজন পরিচালকের নাম ঘোষণা করা হবে। ৩০ মার্চ সন্ধ্যায় বিসিএস অফিসে নির্বাচিত সাতজনের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হবে।
—মো. রাফাত জামিল