আজ গুগলেই খেলুন অলিম্পিকের গেম
গেমে আপনাকে সমুদ্রঘেরা এক দ্বীপে নামিয়ে দেওয়া হবে। খেলতে হবে ‘লাকি’ নামের চরিত্রে। ডুডল চ্যাম্পিয়ন আইল্যান্ড নামের দ্বীপটির আনাচকানাচে ঘুরে সাতটি খেলায় অংশ নিতে হবে। অর্জন করতে হবে সাতটি পবিত্র পুঁথি। সেখানেই শেষ নয়, দ্বীপটির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইস্টার এগ সংগ্রহ করতে হয়, আরও অনেক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও আছে।
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, পুরো একটি গেম ডুডল হিসেবে গুগলের হোমপেজে যুক্ত করা হয়েছে। বেশ মজারও। গ্রাফিকস হয়তো চোখধাঁধানো নয়, তবে বেশ একটা পুরোনো আমলের ১৬ বিটের ভিডিও গেমের ভাব আছে।
ইনস্টল করার ঝামেলা নেই। গুগলের হোমপেজে গিয়ে মূল লোগোর জায়গায় যুক্ত ডুডলে ক্লিক করলেই চালু হয়ে যাবে গেম। চরিত্র নিয়ন্ত্রণ করতে হবে কি-বোর্ডের সাহায্যে। একদম সহজও নয়। খানিকটা মাথা ঘামাতে তো হবেই। খেলার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন।
নীল, লাল, সবুজ ও হলুদ—চারটি দল থেকে নিজেরটি বেছে নিতে হবে। শেষ পর্যন্ত এগিয়ে ছিল লাল দল। নীল দলও পিছিয়ে নেই।
কম্পাস নির্বাচন করলে মানচিত্র দেখাবে, সঙ্গে দেখাবে গেমে আপনি কত দূর এগিয়েছেন।
চাইলে গেম কন্ট্রোলারের সাহায্যেও খেলার অপশন পাবেন।
অন্য কাজ থাকলে সেটি সেরেও খেলায় যোগ দিতে পারেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু হবে।
আজ থেকে শুরু হওয়া টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধন উদ্যাপনে ‘স্টুডিও ৪ ডিগ্রি সেলসিয়াস’ নামের জাপানের টোকিও-ভিত্তিক অ্যানিমেশন স্টুডিওর সঙ্গে যৌথভাবে গেমটি বানিয়েছে গুগল ডুডল দল। অবশ্য ডুডলে চমক দেখানো গুগলের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ দিনগুলোর স্মরণে কখনো ভিন্ন ধাঁচে গুগলের লোগো এঁকে, কখনো ভিডিও বানিয়ে, এর আগে তো সুরকারের ভূমিকায় নামার সুযোগও করে দিয়েছিল। কিছু কিছু ডুডল গোটা বিশ্বের ব্যবহারকারীরা দেখতে পান, কিছু কিছু অঞ্চলভিত্তিক।
যারা এই লেখাটি পরে দেখবেন, তাঁরা গেমটি পাবেন গুগল ডুডল পেজে।
এবার পাঠকদের জন্য একটি প্রশ্ন। বলুন তো গেমের চরিত্রের জন্য ‘লাকি’ নামটি বেছে নেওয়া হলো কেন? কমেন্টে উত্তর জানাতে পারেন।