আজ ঢাকায় দিনব্যাপী সফটওয়্যার মেলা
ঢাকায় আজ অনুষ্ঠিত হবে দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার মেলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) স্থানীয় বাজার উন্নয়ন স্থায়ী কমিটি এ মেলার আয়োজন করছে। ঢাকায় বেসিসের প্রধান কার্যালয় বিডিবিএল ভবনের বেসিস মিলনায়তনে এ মেলাটি অনুষ্ঠিত হবে। বেসিস স্থানীয় বাজার উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য আহমেদ হাসান প্রথম আলোকে জানান, এই সফটওয়্যার মেলায় দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনাসহ নানা ধরনের সফটওয়্যার দেখানো হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাব-নিকাশ, শিক্ষক-কর্মচারীদের বেতন ও উপস্থিতি, শিক্ষার্থীদের ভর্তি, পরিকল্পনা ও উন্নয়ন, ফলাফল ব্যবস্থাপনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান-সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার। তিনি আরও জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনার সফটওয়্যার নির্মাতা ১২টি প্রতিষ্ঠান এ মেলায় তাদের তৈরি সফটওয়্যার প্রদর্শন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মশক্তির সঠিক ব্যবহারের ক্ষেত্রে মেলায় প্রদর্শিত সফটওয়্যারগুলো অনেক সহায়ক হবে বলেও জানান তিনি। মেলা সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালবে। —মোছাব্বের হোসেন